ডাক্তার ও নার্সদের জন্য গ্রাম বাংলায় ১৭৩টি ফ্ল্যাট!
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ দাস, কলকাতা: ‘কোয়ার্টারের ছাদ থেকে থেকে টপটপ করে জল পড়ছে। বাথরুমে ফ্ল্যাশ করলে ময়লা জল ঠেলে বেরিয়ে আসছে। এদিকে সরকার বলছে, তোমায় এখানেই ২৪ ঘণ্টা থাকতে হবে। না জিজ্ঞাসা করে স্টেশন লিভ করবে না। বলিহারি! এভাবে থাকব কী করে? বউ-বাচ্চাকে এনে রাখব কীভাবে?’

Advertisement

গ্রামীণ এলাকায় বদলি করলেই সরকারি চিকিৎসকদের এ অভিযোগ আজকের নয়। দশকের পর দশকের। বহুক্ষেত্রেই সারবত্তাও আছে অভিযোগের। নতুন সরকার তাই সিদ্ধান্ত নিয়েছিল গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডাক্তারদের থাকার পরিকাঠামো ঝাঁ চকচকে করে গড়ে তোলা হবে। যাতে এ নিয়ে আর অভিযোগ বা পালটা কোনো যুক্তিই কেউ হাজির করতে না পারে। দপ্তর সূত্রের খবর, প্রথম দফায় রাজ্য দ্রুত তৈরি করছে ১৭৩টি তিন এবং দুই কামরার ফ্ল্যাট। প্রকল্পটি রূপায়ণের কাজ জোরকদমে চলছে। টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। পূর্ত ও স্বাস্থ্যদপ্তর যৌথভাবে এই কাজ করছে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশমতো কাজ চলছে। 
দপ্তর সূত্রের খবর, ডাক্তার-নার্সদের জন্য ফ্ল্যাটগুলিকে তিনভাগে ভাগ করা হয়েছে। এক, নতুন ফ্ল্যাট নির্মাণ। দুই, পুরানো আবাসনের সংস্কার-মেরামতি (জমি আছে) করা। তিন, পরিত্যক্ত আবাসনের জায়গাতেই নতুন করে ফ্ল্যাট নির্মাণ (যখন জমি নেই)। দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, প্রথম দফায় ২১টি জেলা ও স্বাস্থ্য জেলা জুড়ে ৩৬ কোটি ১৯ লক্ষ টাকা খরচ করে হবে ১৭৩টি এমন ফ্ল্যাট। কোয়ার্টার পিছু খরচ হচ্ছে আনুমানিক ২১ লক্ষ টাকা। 
কোথায় কোথায় কত ফ্ল্যাট হচ্ছে, এক নজরে দেখা যাক। যেমন আলিপুরদুয়ারে হবে ৮টি ফ্ল্যাট। ৭টি গ্রামীণ হাসপাতালে এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বাঁকুড়ায় হবে ৭টি ফ্ল্যাট—৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, ২টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং ২টি গ্রামীণ হাসপাতালে। বসিরহাটে এই দফায় হচ্ছে ২টি কোয়ার্টার। দুটিই গ্রামীণ হাসপাতালে। 
২.৬ কোটি টাকা খরচ করে বীরভূমে হবে ১৩টি ফ্ল্যাট—৯টি গ্রামীণ হাসপাতাল, ২টি বিপিএইচসি এবং ২টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় ১টি এবং দক্ষিণ দিনাজপুরে হচ্ছে ২টি। দার্জিলিং এবং ডায়মন্ডহারবারে হবে ২টি করে ফ্ল্যাট। দুটিই হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এই কোয়ার্টার হচ্ছে ১টি করে। মুর্শিদাবাদ এবং বর্ধমানে আবসন হবে যথাক্রমে ৩২টি এবং ২৯টি। সেখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়ায় হবে যথাক্রমে ৭, ৭, ৬ এবং ১৬টি। প্রথম দফায় উত্তর দিনাজপুর ১৬টি এবং মালদহে ১৪টি এমন কোয়ার্টার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১টি ও ৪টি এবং নদীয়ায় ২টি ডাক্তার-নার্সদের ফ্ল্যাট তৈরি করা হবে। বেশ কিছু ক্ষেত্রে বিশেষ প্রযুক্তিতে তৈরি রেডিমেট ফ্ল্যাট বসিয়ে দেওয়া হবে।