Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের ১৬টি রাস্তা পাচ্ছে জাতীয় সড়কের তকমা, সীমান্তবর্তী এবং শিল্প সম্ভাবনার এলাকাকে বিশেষ গুরুত্ব

পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার প্রক্রিয়া শুরু করতে বলল কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির কাছে এই প্রস্তাব রেখেছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।

রাজ্যের ১৬টি রাস্তা পাচ্ছে জাতীয় সড়কের তকমা, সীমান্তবর্তী এবং শিল্প সম্ভাবনার এলাকাকে বিশেষ গুরুত্ব
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার প্রক্রিয়া শুরু করতে বলল কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির কাছে এই প্রস্তাব রেখেছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। কেন্দ্রের তরফে রাজ্যের এই প্রস্তাবে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ফলে সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের এই সড়কগুলিকে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা  করবে কেন্দ্র। এমনটাই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। এই ১৬টি সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২০০০ কিলোমিটার। 

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে এই ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তা। এই তালিকায় সব থেকে গুরুত্বপূর্ণ হল সীমান্তবর্তী মালদহ-গৌড় এবং মহদীপুর সংযোগকারী রাস্তা। প্রশাসনিক মহলের মতে, শুধু সীমান্ত সুরক্ষার ক্ষেত্রেই রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, এমন নয়। সামগ্রিকভাবে এসব এলাকার পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে নবান্ন। জাতীয় সড়ক হিসাবে ঘোষণা হলে এই রাস্তার গুরুত্ব অনেকগুন বৃদ্ধি পাবে। সম্প্রসারণ থেকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব পাবে এই সড়ক। একইভাবে সীমান্তবর্তী চাকদহ-বনগাঁ-পেট্রাপোল সংযোগকারী রাস্তাও জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করার আরজি জানানো হয়েছে রাজ্যের তরফে। তালিকায় রাখা হয়েছে, দুর্গাপুর-বাঁকুড়া, পুরুলিয়া-বরাকর, মহম্মদবাজার থেকে সাঁইথিয়া হয়ে কান্দি, আসানসোল জুবিলি মোড় থেকে জামতারা রোড। 
পুরুলিয়ায় রঘুনাথপুরে গড়ে উঠছে শিল্পতালুক। সেক্ষেত্রে পুরুলিয়া-বরাকর রোডকে জাতীয় সড়কে উন্নীতকরণ বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা। 
তালিকায় রয়েছে গঙ্গাসাগর সংযোগকারী সড়কও। ইতিমধ্যে প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। সাগর সংযোগকারী রাস্তা জাতীয় সড়ক ঘোষণা হয়ে গেলে, এই 
সেতুও হবে তার অংশ। সেক্ষেত্রে এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তথা কেন্দ্রর উপর। ফলে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড়ো পদক্ষেপ হবে বলেই মনে করছে আমলা মহল। প্রসঙ্গত, ক্ষমতায় এসেই রাজ্যের সাতটি জাতীয় সড়কের দেখভালের দায়িত্ব পূর্তদপ্তরের জাতীয় সড়ক শাখার বদলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় সড়ক উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেয় সরকার।এবার ১৬টি সড়ককে জাতীয় সড়কে উন্নীতকরণ নিয়ে কেন্দ্রের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে নবান্ন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ