প্রীতেশ বসু, কলকাতা: দীর্ঘদিন আটকে রাখার পর অবশেষে রাজ্যের ১৬টি পুরসভাকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিতে কার্যত বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। বনগাঁ, ভাটপাড়া, দাঁইহাট, ধুলিয়ান, গারুলিয়া, গয়েশপুর, জলপাইগুড়ি, খড়দহ, নবদ্বীপ, নৈহাটি, উত্তর বারাকপুর, ওল্ড মালদহ, পুরুলিয়া, রানাঘাট, রিষড়া এবং টিটাগড় পুরসভাকে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা দিল কেন্দ্র।
এর আগে ৮৯টি পুরসভাকে এই খাতে ৩৫৭ কোটি টাকা ছেড়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শর্ত না পূরণ হওয়ার অজুহাতে ২২টি পুরসভার টাকা আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই খাতের টাকা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভায় নির্বাচিত পুরবোর্ড থাকা বাধ্যতামূলক।
তাছাড়া, পুরসভার নিজস্ব আয় বৃদ্ধির হার রাজ্যের জিএসডিপি’র থেকে বেশি হলে তবেই মেলে টাকা। এই ১৬টি পুরসভায় নির্বাচিত বোর্ড রয়েছে। সেই সঙ্গে সম্প্রতি এই পুরসভাগুলি দ্বিতীয় শর্তও সফলভাবে পূরণ করেছে। এই কথা জানিয়ে গত ১৬ জুন কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। তার আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে ১ জুলাই রাজ্যের ১৬টি পুরসভার জন্য প্রায় ৭৩ কোটি টাকা ছাড়ে কেন্দ্র। এই টাকা কাজে লাগিয়ে নিকাশি, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে পরিকাঠামো ক্ষেত্রে বিবিধ উন্নয়ন করা যাবে। তবে নির্বাচন না হওয়ায় ১৪টি পুরসভার টাকা ছাড়া হয়নি। তাছাড়া, শর্ত অনুযায়ী রাজস্ব বৃদ্ধি না হওয়ায় এখনও ৬টি পুরসভার টাকা পাওয়া বাকি রয়েছে।
রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ন্যায্য এই প্রাপ্য কেন্দ্রের থেকে আদায়ের জন্য অনেকদিন ধরে লড়াই চলছে। কেন্দ্রকে একাধিক চিঠি পাঠানো হয়েছে। এই ১৬টি পুরসভার জন্য টাকা আদায় রীতিমতো বড় চ্যালেঞ্জ ছিল। অবশেষে সাফল্য এসেছে। সূত্রের খবর, শীঘ্রই সংশ্লিষ্ট পুরসভাগুলিকে তাদের ভাগের টাকা পাঠিয়ে দেওয়া হবে। আরও জানা গিয়েছে, যেসব পুরসভা প্রথম কিস্তির টাকা পেয়েছে, তাদের ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির টাকার দাবি করে দ্রুত চিঠি পাঠাতে চাইছে রাজ্য। কারণ, চলতি অর্থবর্ষেই শেষ হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ। ২০২৬-২৭ থেকে চালু হবে ষোড়শ অর্থ কমিশন। ফলে চলতি অর্থবর্ষেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ নিশ্চিত না হলে তা আর পাওয়াই যাবে না। তাই কেন্দ্রকে চিঠি পাঠিয়ে দ্রুত সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা বলবে রাজ্য।