লখনউ: কিছুতেই ঠাণ্ডা হচ্ছে না ট্রেনের কামরা। অথচ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) চলছে পুরোদমে। যাত্রীদের এমন অভিযোগ পেয়ে এসির ডাক্ট খুলে পরীক্ষা করেন রেলকর্মীরা। আর তাতেই সকলের চক্ষু চড়কগাছ। ভিতর থেকে বেরিয়ে আসে একের পর কাগজের প্যাকেট। যার মধ্যে মদের বোতল। সংখ্যায় অন্তত ১৫০টি। এসির হাওয়া চলাচলের জায়গায় ওই বোতলগুলি লুকিয়ে রাখার কারণেই ঠাণ্ডা হচ্ছিল না কামরা। গত বৃহস্পতিবার এই কাণ্ড ঘটেছে লখনউ-বারাউনি এক্সপ্রেসে। ট্রেনটির এ-২ কামরায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে হাজির হয় রেলপুলিস। কে বা কারা এমনটা করেছে, তার খোঁজ চলছে। পুলিসের অনুমান, পাচারের জন্যই মদের বোতলগুলি ওইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। গন্তব্য সম্ভবত ‘ড্রাই স্টেট’ বিহার। এর আগে একইভাবে ট্রেন থেকে প্রায় ৭০০ প্যাকেট মদ উদ্ধার হয়েছিল। সেক্ষেত্রে মূল অভিযুক্ত হিসেবে সামনে আসে ট্রেনেরই এক কর্মীর নাম। এই ঘটনার ক্ষেত্রেও ওই রেলের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



