নির্মাণ কাজে ১৫ দিনের নিষেধাজ্ঞা
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শর্তসাপেক্ষে নির্মাণ কার্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হল দিল্লিতে। আপাতত দু’সপ্তাহের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। আগামী ৫ নভেম্বর থেকে তা কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে দূষণ প্রতিরোধই একমাত্র লক্ষ্য। কিন্তু মাত্র ১৫ দিন নির্মাণ কার্য বন্ধ রেখে আদৌ কি দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে? পরিবেশ মন্ত্রকের আওতায় থাকা ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম) জানিয়েছে, আগামী ৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে। দিল্লি-এনসিআর জুড়ে যাবতীয় নির্মাণ কাজ বন্ধ থাকবে। তবে রেল, মেট্রো, এয়ারপোর্ট, আন্তঃরাজ্য বাস টার্মিনাল, হাসপাতাল, জল সরবরাহ ও নিকাশি, জাতীয় সুরক্ষার মতো কোনো প্রকল্প যদি চালু থাকে, তাহলে তাতে কোনো নিষেধাজ্ঞা বলবৎ হবে না। একইসঙ্গে দিল্লি এবং এনসিআর সংলগ্ন শহরগুলিতে প্রয়োজনে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শও দেওয়া হয়েছে। দিল্লি ছাড়া ওই শহরগুলি হল গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগর (অর্থাৎ, নয়ডা, গ্রেটার নয়ডার এলাকাগুলি)। পাশাপাশি, নজরদারি শুরু হয়েছে যানবাহনের উপরেও। বায়ুদূষণ কমাতে রাজধানীতে বিএস-সিক্সের ব্যতীত কোনো গাড়ি বাইরে থেকে ঢুকতে পারবে না বলেও জানানো হয়েছে।

Advertisement