নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে কর্মহীন হতে বসেছেন স্কুলে নিযুক্ত ১৪০০ জন কম্পিউটার ইনস্ট্রাক্টর। আইসিটি অ্যাট স্কুল প্রোজেক্টের পাঁচবছর অতিক্রম হওয়ার পরে সরকার আর এঁদের নিয়োগকারী এজেন্সির চুক্তি নবীকরণ করছে না। তাই এই শিক্ষকদের এজেন্সির তরফে ছাঁটাইয়ের চিঠি পাঠানো হয়েছে। এর ফলে কান্নায় ভেঙে পড়েছেন এই শিক্ষকরা। তবে, এর পরবর্তী ধাপে চাকরি যেতে বসেছে আরও ২,৩১৯ জন শিক্ষকের।
এই প্রকল্পের পঞ্চম ফেজ পর্যন্ত ৫,৫৭৯ জন শিক্ষককে সরাসরি সরকারের অধীনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে নিয়োগ করেছিল আগের সরকার। তবে, পরবর্তী ষষ্ঠ এবং সপ্তম ধাপের শিক্ষকরা রয়ে গিয়েছেন এজেন্সির অধীনে। পঞ্চম ধাপ পর্যন্ত নিযুক্ত শিক্ষকরা ৬০ বছর পর্যন্ত চাকরি এবং কিছুটা বর্ধিত ভাতাও পাচ্ছেন সরকার থেকে। তবে, বাকিদের চাকরি এবার চলে যাওয়ার মুখে।
শিক্ষক সংগঠন এসটিইএ-র নেতা অনিমেষ হালদার বলেন, ‘এই শিক্ষকরা চলে গেলে বহু স্কুল অথৈ জলে পড়বে। কারণ, তাঁরা শুধু কম্পিউটার ক্লাসই নিতেন না, বিদ্যালয় শিক্ষায় চালু বিভিন্ন সরকারি প্রকল্পের কাজও তাঁরাই করে দিতেন। কন্যাশ্রী, সবুজ সাথির (বর্তমানে সারথি) মতো প্রকল্পের ডেটা এন্ট্রি, বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের রেজাল্ট তোলা প্রভৃতি কাজের দায়িত্বও ছিল তাঁদের কাঁধে। এরা চলে গেলে ক্লাস না নিয়ে সাধারণ শিক্ষকদের এই কাজ করতে হবে। অনেকে আবার কম্পিউটারে সড়োগড়ো নন। তাঁদের ক্ষেত্রেও সমস্যা হবে।’
ওয়েস্ট বেঙ্গল আইসিটি পার্সোনেল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোসাব্বর গাজি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ৩৭১৯ জনকে সরকারের অধীনে আনা হোক। তাঁদের কারও যাতে চাকরি না-যায়, তা দেখুক মানবিক সরকার।’