নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির ভিতরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সোমবার রাতে বাড়ির রান্নাঘরে রাখা জলের ড্রামে পড়ে মৃত্যু হল ১৪ মাসের শিশুর। আশঙ্কাজনক অবস্থায় একরত্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই শিশুর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে বাবা ও মায়ের চাপানউতোর। সন্তানের দিকে নজর না দিয়ে স্ত্রী মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন মৃতের বাবা। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শিশুটির মা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের হাটখোলা এলাকায়।
জানা গিয়েছে, মৃত শিশুর বাবা বিপ্লব বারুই ও মা শ্রেয়া মণ্ডল দু’জনেই হাটখোলা এলাকায় থাকেন, তবে আলাদা বাড়িতে। বনিবনা না হওয়ায় শ্রেয়া ছেলেকে থাকেন তাঁর বাপের বাড়িতে, আর বিপ্লব থাকেন নিজের বাড়িতে। বিপ্লবের অভিযোগ, ঘটনার সময় শ্রেয়া মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিল। তাই নজর এড়িয়ে রান্নাঘরে চলে যায় ছেলে। সেখানে রাখা জলের ড্রামের ভিতরে কোনোভাবে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বিপ্লবের আরও অভিযোগ, ওই বাড়িতে একাধিক লোকজন থাকেন। তাঁদের চোখও এড়াল কী করে? যদিও বিপ্লবের অভিযোগ মানতে নারাজ শ্রেয়া। তাঁর পালটা বক্তব্য, ঘটনার সময় আমি মোবাইলে গেম খেলছিলাম না। জামাকাপড় ভাঁজ করছিলাম। সাধারণত ছেলে রান্নাঘরে যায় না। কিন্তু কখন যে সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গিয়েছিল, বুঝতে পারিনি। সবটাই আচমকা ঘটেছে। এই দ্বন্দ্বের জল গড়িয়েছে থানা পর্যন্ত। মঙ্গলবার সকালে বারাসত থানায় এ নিয়ে একপ্রস্থ উত্তেজনা হয়। অভিযোগ-পালটা অভিযোগে সরগরম হয় এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য শিশুটির দেহ বাবা ও মা দু’জনের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার সময় বাড়িতে কারা ছিলেন এবং ঠিক কী ভাবে শিশুটি জলের ড্রামে পড়ে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



