


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সবুজসাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ পড়ুয়া সাইকেল পাবে। স্কুলগুলি থেকে আসা ছাত্রছাত্রীর নামের তালিকা পোর্টালে আপলোড হওয়ার পরই অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে এই সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। নভেম্বরের মধ্যেই বণ্টন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের দ্বাদশ দফার সাইকেল বণ্টনও সেরে ফেলা যায় কি না, সেই ভাবনাচিন্তাও শুরু হয়েছে সরকারের অন্দরে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একাদশ দফার বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করে রাখতে চাওয়া হচ্ছে বলে খবর। ইতিমধ্যে ১৫ লক্ষ সাইকেলের টেন্ডার ডাকা হয়েছে। বাড়তি প্রায় তিন লক্ষ সাইকেল অর্ডার দেওয়ার কারণ, কোথাও সাইকেলের ঘাটতি পড়লে তা সামাল দেওয়া হবে। খারাপ সাইকেল থাকলে তা বদলে দেওয়ার জন্যও এই বাড়তি সাইকেলগুলি কাজে লাগবে। দপ্তর চাইছে পুজোর আগেই ছাত্রছাত্রীদের সাইকেল বিলি শুরু করে দিতে। যে মুহূর্তে সংশ্লিষ্ট এজেন্সির থেকে সাইকেল এসে যাবে, তৎক্ষণাৎ সেগুলি জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে। সামনের বছর নির্বাচনের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের অন্তত দু’মাস আগে থেকে একাদশ দফার সাইকেল বণ্টনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছিল সরকার। জুন মাসে ধাপে ধাপে জেলাগুলিতে তথ্য যাচাইয়ের কাজ হয়। তারপর ছাত্রছাত্রীদের নাম ধরে ধরে সবুজসাথীর পোর্টালে আপলোড করেন আধিকারিকরা। এই কাজ সাধারণত আগস্ট মাসে হয়ে থাকে। দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদের মতো বড় জেলায় লক্ষাধিক ছাত্রছাত্রী পাবে সাইকেল। তবে বেশিরভাগ জেলা থেকে যে চূড়ান্ত তালিকা এসেছে, তাতে কোথাও ৫০ হাজার, তো কোথাও ৭৫ হাজার সাইকেল বিলির হিসেব এসেছে। দপ্তরের এক আধিকারিক বলেন, ‘নভেম্বরের মধ্যে একাদশ দফার সাইকেল বণ্টন শেষ হলে পরের দফার জন্য দপ্তর তৈরি থাকবে। রাজ্য নির্দেশ দিলেই শুরু হবে সেই কাজ।’