সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১২ জন। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর, কাকদ্বীপের কামারেরহাট এলাকায়, কাশীনগরের কাছে। বুধবার সকালে কাকদ্বীপ থেকে একটি সরকারি বাস যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। তখনই কলকাতা থেকে একটি লরি কাকদ্বীপের দিকে আসছিল। কাশীনগরের কাছে বাস ও লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১২ জন গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিস এসে পৌঁছয়। বর্তমান তিনজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে সরকারি বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।



