Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

রামমন্দিরের প্রণামি চুরির ১০৫টি ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়

অযোধ্যায় রামমন্দিরের সিসি ক্যামেরায় প্রণামি চুরির ১০৫টি ঘটনা ধরা পড়েছে। বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্ট উল্লেখ করে সোমবার সুপ্রিম কোর্টে এই তথ্য জানিয়েছে সরকার।

রামমন্দিরের প্রণামি চুরির ১০৫টি ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের সিসি ক্যামেরায় প্রণামি চুরির ১০৫টি ঘটনা ধরা পড়েছে। বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্ট উল্লেখ করে সোমবার সুপ্রিম কোর্টে এই তথ্য জানিয়েছে সরকার। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এদিন তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেছেন, সিটের তদন্তের প্রক্রিয়া শেষের পথে। সব অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে চার্জশিট পেশ করা হবে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, চার্জশিটের ভিত্তিতে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ম্যাজিস্ট্রেটকে।

Advertisement

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রামমন্দিরে প্রণামি চুরির ইস্যুতে ইতিমধ্যেই শাসকদল বিজেপি তথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। প্রণামি চুরি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে শোরগোলের মধ্যেই মন্দির ট্রাস্টের শীর্ষ আধিকারিক চম্পত রাই ও অনিল মিশ্রকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সিট গঠন করে তদন্তের নির্দেশ জারি হয়েছিল। শুধু তাই নয়, প্রবল রাজনৈতিক চাপের মুখে পড়ে ট্রাস্টের মধ্যেই একজন সিইও-র নেতৃত্বে পরিচালক কাঠামোও চালু করা হয়েছে। সিইও পদে নিয়োগ করা হয়েছে প্রাক্তন সামরিক কর্তা জিতেন্দ্র মিশ্রকে। এদিন শুনানি চলাকালীন প্রণামি চুরি নিয়ে সিট তদন্তের স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারির সংখ্যা ও সংগৃহীত তথ্যপ্রমাণ নিয়ে এদিন সরকারের তরফে শীর্ষ আদালতকে অবহিত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান ও অন্যান্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে কীভাবে সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হয়েছে, স্টেটাস রিপোর্টে তা তুলে ধরা হয়েছে। সমস্ত তথ্যই আদালত এদিন নথিভুক্ত করেছে।
সিটের স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, দানের মূল্যবান সামগ্রীর রসিদ তৈরি হয়েছে সফটওয়ারের মাধ্যমে। সেইসব সামগ্রী রয়েছে এসবিআইয়ের লকারে। সিট রিপোর্টেই জানানো হয়েছে, চুরির ১০৫টি ঘটনা ধরা পড়েছে মন্দিরের সিসি ক্যামেরায়। এদিনের শুনানিতে সিট রিপোর্টের প্রতিলিপি হাতে পেতে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেন আবেদনকারীরা। যদিও শীর্ষ আদালত সেই অনুরোধ খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, বিষয়টি দায়রা বিচারকের হাতের বাইরে চলে যাক, সুপ্রিম কোর্ট তা চায় না। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে হলে, সেই মোতাবেক পরবর্তী নির্দেশ জারি করা হবে।
রামমন্দিরের প্রণামি চুরির ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম সামনে এসেছে আটজনের। অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রামশংকর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব ও টিন্নু যাদব নামে এই আট অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিট। বর্তমানে তারা জেলে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ