নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, সোমবার ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে গড়বেতা-৩ ব্লক থেকে প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। তাঁদের জন্য প্রায় ৪০টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রায় এক হাজার কর্মী-সমর্থক ট্রেনে চেপে ধর্মতলার উদ্দেশে রওনা দেবেন। ২১ জুলাই ঘিরে ব্লক এলাকার কর্মী-সমর্থকরা উন্মাদনায় ভাসছেন। তৃণমূল নেতারা জানাচ্ছেন, এবছর রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থক কলকাতার উদ্দেশে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী তথা জননেত্রীর ভাষণ শোনার জন্য সকলেই মুখিয়ে আছেন। গত ১৮জুলাই স্থানীয় কড়সা পঞ্চায়েত এলাকায় শহিদ দিবসের সমর্থনে বিশাল মিছিল করা হয়েছিল। মিছিলে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ প্রথমসারির নেতারা। জেলা সভাপতি সুজয়বাবু বলেন, প্রতিটি ব্লক থেকেই কাতারে কাতারে মানুষ ধর্মতলার উদ্দেশে রওনা দেবেন। রবিবার বিকেলের পর থেকে বিভিন্ন ব্লক থেকে মানুষ যেতে শুরু করেছেন। দলের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।



