Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এক হাজার কোটি টাকা ঋণ

পশ্চিম মেদিনীপুরে স্বাবলম্বী করে তুলতে চলতি অর্থবর্ষের শুরুতেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রায় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এক হাজার কোটি টাকা ঋণ
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে স্বাবলম্বী করে তুলতে চলতি অর্থবর্ষের শুরুতেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রায় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। মহিলাদের আবেদনের ভিত্তিতে আরও ঋণ দেওয়ার কাজ চলছে। প্রায় ২৭০০কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রায় ২০০০কোটি টাকা ঋণ দিয়ে নজির গড়েছিল। এর ফলে জেলার কয়েকলক্ষ মহিলা উপকৃত হয়েছেন।

Advertisement

জেলা প্রশাসনের আধিকারিকরা জানান, গত অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেডিট লিঙ্কেজ, স্বনির্ভর দল গঠন, আবর্তিত তহবিল, মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজে রাজ্যের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে এই জেলা রাজ্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রামবাসীরা জানান, ঋণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জ্যাম, জেলি, লজেন্স প্রভৃতি তৈরি করছেন। বিভিন্ন মেলা, উৎসবে তা বিক্রি করে মহিলাদের লক্ষ্মীলাভ হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক(কৃষি) গোবিন্দ হালদার বলেন, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মহিলারা ঋণ পেয়ে স্বনির্ভর হয়ে উঠছেন। এর ফলে অর্থনীতির বদল হচ্ছে। মহিলাদের তৈরি জিনিস ভিনরাজ্য, এমনকী বিদেশেও যাচ্ছে। এই কাজের গতি আরও বাড়াতে হবে। জেলার প্রত্যন্ত এলাকার ১০০শতাংশ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জেলায় ৭০হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই অর্থবর্ষে শুধু কেশপুর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৫৬কোটি টাকা ঋণ পেয়েছেন। ডেবরা ব্লকে ১০৮কোটি, নারায়ণগড় ব্লকে ৮০কোটি, সবং ব্লকে ৫৪কোটি ও পিংলা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৪০কোটি টাকা ঋণ পেয়েছেন। জেলার ২১টি ব্লকের প্রতিটিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা চন্দনা পাল বলেন, ঋণ পেয়ে খুব উপকার হয়েছে। জেলা প্রশাসনের তরফে সবসময় সহযোগিতা পাওয়া যায়। গত অর্থবর্ষেও ঋণ নিয়েছিলাম। আমাদের তৈরি পণ্যের মার্কেটিং বাড়লে বিক্রিও বাড়বে।

সম্পর্কিত সংবাদ