Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে খোয়া যাওয়া ১০টি মোবাইল উদ্ধার, ধৃত এক

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের খোয়া যাওয়া ১০টি দামি মোবাইল উদ্ধার করল পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে রামপুরহাটের বাসিন্দা হারাধন মালকে গ্রেপ্তার করা হয়।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে খোয়া যাওয়া ১০টি মোবাইল উদ্ধার, ধৃত এক
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের খোয়া যাওয়া ১০টি দামি মোবাইল উদ্ধার করল পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে রামপুরহাটের বাসিন্দা হারাধন মালকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদ করে ওইদিনই ১০টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেন তদন্তকারীরা।

Advertisement

উল্লেখ্য, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠ মহাশ্মশান ও মন্দির চত্বরে দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের সমাগম হয়েছিল। ফি বছর এই বিপুল ভিড়ের সুযোগ নিতে পকেটমারদের পাশাপাশি ভিন রাজ্য থেকেও চোর ও ছিনতাইবাজদের দল তারাপীঠে ডেরা বাঁধে। এবছর ভিড় সামলাতে এবং অপরাধ রুখতে জেলা পুলিশের তরফে নজিরবিহীন কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। তা এড়িয়েই ভক্তের ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে যায় দুষ্কৃতী দলটি। পুণ্যার্থীদের অজান্তেই গলা থেকে সোনার হার, পকেট থেকে মানিব্যাগ ও দামি মোবাইল নিয়ে তারা চম্পট দেয়। জিনিসপত্র খোয়া যাওয়ার পর দিশেহারা হয়ে পুণ্যার্থীরা পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে। অনেকে আবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। পুলিশ কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
যদিও ঘটনার দিনই পুলিশ মোট ৩৭ জনকে গ্রেপ্তার করেছিল। সেই সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল, পাঁচটি সাইড ব্যাগ ও একটি বাইক উদ্ধার হয়েছিল। তবে অধরা ছিল চক্রের বেশ কয়েকজন। অবশেষে মেগা ইভেন্ট শেষ হওয়ার ১৯ দিন পর ফের বড়ো সাফল্য পেল তারাপীঠ থানার পুলিশ। রামপুরহাট থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবককে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ