Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকের পাঁচ আসনে ১০ জন কোটিপতি প্রার্থী

এবার তমলুক মহকুমা থেকে ১০ জন কোটিপতি প্রার্থী ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন। তাঁদের মধ্যে পাঁচজন বিজেপির প্রার্থী। চারজন তৃণমূল কংগ্রেসের এবং একজন আইএসএফের প্রার্থীর ঘোষিত সম্পত্তি কোটি টাকা।

তমলুকের পাঁচ আসনে ১০ জন কোটিপতি প্রার্থী
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এবার তমলুক মহকুমা থেকে ১০ জন কোটিপতি প্রার্থী ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন। তাঁদের মধ্যে পাঁচজন বিজেপির প্রার্থী। চারজন তৃণমূল কংগ্রেসের এবং একজন আইএসএফের প্রার্থীর ঘোষিত সম্পত্তি কোটি টাকা। জানা গিয়েছে, ১০কোটিপতি প্রার্থীর মধ্যে সাতজনের পেশা ব্যবসা। এছাড়া, চণ্ডীপুর ও তমলুকের বিজেপি প্রার্থীরা পেশায় চিকিৎসক। তাঁদের দু’জনের সম্পত্তির পরিমাণও কোটির বেশি। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্ডা ক্রিকেটার। তাঁর ঘোষিত সম্পত্তিও কোটি ছাপিয়েছে। কোটিপতিদের এই লড়াই এবার বেশ জমজমাট। তমলুক, ময়না, চণ্ডীপুর, পাঁশকুড়া পশ্চিম আসনে দু’জন করে কোটিপতি প্রার্থীর লড়াই হচ্ছে। এছাড়া নন্দকুমার ও পাঁশকুড়া পূর্ব আসনে একজন করে প্রার্থী কোটিপতি।

Advertisement

মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থী হলফনামা জমা করেছেন। সেখানে নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি উল্লেখ করতে হয়েছে। সেই তথ্য অনলাইনে আপলোড করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই সূত্র ধরে দেখা যাচ্ছে, চণ্ডীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিকের স্থাবর সম্পত্তির পরিমান ৯০লক্ষ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তি আরও ৫৩লক্ষ ২৫হাজার ৮৩৬টাকা। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক পীযূষকান্তি দাসের অস্থাবর সম্পত্তি ৪কোটি ৪৯লক্ষ ৮৫হাজার ৩৯৪টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬কোটি ৩০লক্ষ টাকা। প্রায় ৪০বছর ধরে চিকিৎসা করছেন। তাঁর ২কোটি ৪৪লক্ষ ৭৯হাজার টাকার লোন রয়েছে।
পাঁশকুড়া পশ্চিমের আইএসএফ প্রার্থী আফজল শায়ের অস্থাবর সম্পত্তি ১২লক্ষ ৭৮হাজার টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬কোটি টাকা। আফজল সাহেবের মুম্বইয়ে ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা আছে। এছাড়া, পাঁশকুড়ার মেচগ্রামে ১৬নম্বর জাতীয় সড়কের ধারে আড়াইশো বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল রয়েছে। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিরাজ খানের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮কোটি ৭০লক্ষ টাকা। এছাড়াও ১৭কোটির স্থাবর সম্পত্তি আছে।
তমলুক বিধানসভার তৃণমূল প্রার্থী দীপেন্দ্রনারায়ণ রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪লক্ষ ৬৪হাজার ৬০০টাকা। তাঁর স্থাবর সম্পত্তি আরও ৮৮লক্ষ টাকা। দীপেন্দ্রনারায়ণবাবু ব্যবসা আছে। তমলুক বিধানসভার বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা পেশায় চিকিৎসক। হলফনামায় দেওয়া ওই প্রার্থীর অস্থাবর সম্পত্তি ৩কোটি ২৮লক্ষ ২০হাজার ১৫৫টাকা। তাঁর স্থাবর সম্পত্তি আরও ৩কোটি ৬৩লক্ষ টাকা। ময়না কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলের অস্থাবর সম্পত্তি  ৩১লক্ষ ৪৪হাজার ৩৪২টাকা। তাঁর স্থাবর সম্পত্তি আরও ১কোটি ৯লক্ষ টাকা। মাছ ও মাছের খাবারের ব্যবস্থা রয়েছে চন্দনবাবুর। ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্ডার মোট সম্পত্তি ৬কোটি ৮৫লক্ষ ৭৬হাজার ৪৩৭টাকা। হলফনামা দেওয়ার সময় ওই প্রার্থী জানিয়েছেন, তাঁর কাছে নগদ ছিল ৭লক্ষ ১০হাজার ৫০০টাকা। অশোকের অস্থাবর সম্পত্তি ২কোটি ৪৫লক্ষ ৭৬হাজার ৪৩৭টাকা। তাঁর স্থাবর সম্পত্তি আরও ৪কোটি ৪০লক্ষ টাকা।
নন্দকুমার বিধানসভার বিজেপি প্রার্থী নির্মল খাঁড়ার অস্থাবর সম্পত্তি ১৯লক্ষ ১৩হাজার ৪০০টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১কোটি ৪৩লক্ষ ৬০হাজার টাকা। সস্ত্রীক নির্মলবাবু হা‌ইস্কুলের শিক্ষক। কোলাঘাট পূর্ব আসনে বিজেপি এবার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত মাইতি ওরফে রানাকে প্রার্থীকে করেছে। তাঁর অস্থাবর সম্পত্তি ২কোটি ৭৩লক্ষ ৩১হাজার টাকা। এছাড়া, স্থাবর সম্পত্তি আরও ৪কোটি ৮৮লক্ষ ১৭হাজার ৫৮২টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ