Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি-২ ব্লকে শাসকদলের দু‌ই গোষ্ঠীর সংঘর্ষে জখম ১

ঈদের শুভেচ্ছা জানানো শাসকদলের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সিউড়ি-২ ব্লকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়।

সিউড়ি-২ ব্লকে শাসকদলের দু‌ই গোষ্ঠীর সংঘর্ষে জখম ১
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ঈদের শুভেচ্ছা জানানো শাসকদলের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সিউড়ি-২ ব্লকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। দেশালপুর গ্রামের তৃণমূল কর্মী শেখ দিলখুস আলমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এহেসানুল হক ওরফে বকুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও এহেসানুল অভিযোগ অস্বীকার করেছেন। সিউড়ি-২ ব্লকে দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছে। এর আগেও একাধিকবার দু’টি গোষ্ঠীর নেতা-কর্মীরা বিবাদে জড়িয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশালপুর গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ব্যানার লাগানো হয়েছিল। কাজল শেখের অনুগামীদের তরফে সেই ব্যানার লাগানো হয়েছিল। অভিযোগ, শনিবার রাতে অনুব্রত অনুগামী বকুল গোষ্ঠীর লোকজন সেই ব্যানার ছিঁড়ে ফেলে। ঘটনায় উত্তেজনা ছড়াতেই সিউড়ি থানার পুলিস সেখানে যায়। পুলিসের হস্তক্ষেপে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এদিন সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বকুল গোষ্ঠীর লোকজন দিলখুসকে ধরে মারধর করে। জখম তৃণমূল কর্মী বলেন, পুলিসের হস্তক্ষেপে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। এদিন সকালে আমি কাজে যাওয়ার সময় বকুলের লোকজন রাস্তা আটকে মারধর করে। ব্যানারে কাজল শেখের নাম থাকায় সেটি ছেঁড়া হয়েছে।  অভিযুক্ত এহেসানুল বলেন, ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাব। জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এটা অনভিপ্রেত ঘটনা। এধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। বিষয়টি কোর কমিটি দেখছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ