Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় বাড়িতে ঢোকা গোরু নিয়ে গোলমাল, দুই পড়শির সংঘর্ষে মৃত ১, গ্রেপ্তার ৫

বাড়িতে গোরু ঢোকা নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ঝামেলা।

রানিতলায় বাড়িতে ঢোকা গোরু নিয়ে গোলমাল, দুই পড়শির সংঘর্ষে মৃত ১, গ্রেপ্তার ৫
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: বাড়িতে গোরু ঢোকা নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ঝামেলা। তার জেরে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক যুবকের। রবিবার সন্ধ্যায় রানিতলা থানার আখেরিগঞ্জ পঞ্চায়েতের চর মনসুরপুর শয়তানপাড়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রোহিত শেখ(২৬)। ঘটনায় দু’জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজন কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। মৃত যুবকের পরিবার আটজনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তানজোড়া বিবি ও নজরুল ইসলামকে সাতদিনের পুলিস হেফাজত এবং বাকি তিনজনকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, বাড়িতে গোরু যাওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলায় একজনের মৃত্যু হয়েছে। খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত চলছে। 
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে রোহিতদের বাড়ির একটি গোরু প্রতিবেশী তানজোড়া বিবিদের বাড়িতে ঢুকে যায়। তা নিয়ে প্রথমে দুই পরিবারের মহিলারা বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন রোহিতের মা ও বউদিকে মারধর করা হয়। ওই ঘটনার সময় রোহিত এবং তাঁর দুই ভাই সোহেল শেখ ও ফিরোজ শেখ শিবনগর হাটে ছিলেন। গ্রামে ঢোকার পর তিন ভাই লোক মুখে বাড়ির মহিলাদের মারধরের বিষয়টি জানতে পারেন। অভিযুক্তরা তখন গ্রামে মসজিদের সামনে ধারালো অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল। তিন ভাই মসজিদের সামনে আসতেই প্রতিবেশী পরিবারের লোকজন তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তিনভাই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন। তাঁর দুই ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে একজনকে কলকাতায় রেফার করা হয়।
মৃত যুবকের মা লিপিয়ারা বিবি বলেন, ওদের বাড়িতে গোরু চলে গিয়েছিল।  তার জেরে বাড়িতে এসে ওরা বউমাকে মারধর করে। ছাড়াতে গেলে আমাকেও ইট ছুড়ে মারে। পরে ছেলেরা শিবনগর হাট থেকে বাড়ি ফেরার সময় ওদের উপর হামলা চালায়। ওরা আগে থেকেই মসজিদের সামনে হাঁসুয়া সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। ছেলেরা আসতেই এলোপাথাড়ি কোপ মারে। মৃতের মাসি মানুয়ারা বিবি বলেন, ওরা তিন ভাইকেই খুন করার জন্য ধারালো অস্ত্র নিয়ে মসজিদের সামনে জড়ো হয়েছিল। ওদের ফাঁসির দাবি জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ