গুয়াহাটি: বলিউড গায়ক জুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্ত পাঁচজনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় গুয়াহাটির আদালত। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার তাঁদের বাকসা জেলার নতুন একটি সংশোধনাগারে স্থানান্তর করা হচ্ছিল। তার প্রতিবাদে সোচ্চার হয় জুবিনের ভক্তরা। এলাকায় জড়ো হয়ে অভিযুক্ত পাঁচজনকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে থাকে। হামলাকারীদের সকলেরই অভিযোগ, ‘বাকসার নয়া সেই জেলে শুধুমাত্র ওই পাঁচজনেরই থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভালো পরিষেবাও রয়েছে।’ জুবিনের খুনের পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের এহেন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ারই বিরোধিতায় সরব হন প্রয়াত শিল্পীর ভক্তরা। তাঁদের অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার।



