সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকায় রেললাইনের ধার থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম প্রহ্লাদ বাগ(৩২)। বাড়ি বর্ধমান থানার হরিনারায়ণপুরে। শনিবার সকালে রেললাইনের ধারে একটি গাছে তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।
আউশগ্রাম থানার সময়পুরে কীটনাশক খেয়ে এক বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম পুষ্পা দাস(৬০)। বৃহস্পতিবার রাতে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বননবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
কেতুগ্রাম থানার ছোটমালিহা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম বাসুদেব মাঝি(৪৭)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ধোঁয়া দেওয়ার সময় গোয়ালের ছাউনিতে আগুন লেগে যায়। তড়িঘড়ি তিনি গোয়াল থেকে গোরু বের করছিলেন। সেই সময় গোয়ালের জ্বলন্ত ছাউনি তাঁর গায়ে পড়ে যায়। তাতে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
পথ দুর্ঘটনায় মৃত্যু: বর্ধমান শহরের কালনা গেটের বনমসজিদ এলাকায় টোটোর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিষ্ণুপদ মাঝি(৬৫)। কালনা গেটের কপিবাগান এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সাইকেল নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বনমসজিদের কাছে একটি টোটো তাঁর সাইকেলটিকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর থানা এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রতাপচন্দ্র খোরাত(৪০)। তাঁর বাড়ি মাধবডিহি থানার আদমপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাইক নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাপের কামড়ে মৃত্যু: গলসি থানার মোহনপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম কার্তিক দাস(৪৫)। বৃহস্পতিবার সকালে জমিতে কাজ করার সময় তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে তিনি মারা যান।
কাটোয়ায় স্কুলছাত্রের মৃত্যু: কাটোয়া থানার বৈঁচি গ্রামে বিষাক্ত কিছুর কামড়ে বিষক্রিয়ায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম সায়ন দাস(১০)। সে বৈঁচি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছিল সে। সেই সময় তাকে বিষাক্ত কিছু কামড়ায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার ভোরে তার মৃত্যু হয়।