


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অসচেতনভাবে রাস্তা পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর চামরাইল ও কোনা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধীরেন্দ্র প্রসাদ (৪৫)। তিনি কোনা হালদারপাড়ার বাসিন্দা। ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা দু’টি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই ব্যক্তি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে না দাঁড়িয়ে বেশ কিছুটা দূরে গিয়ে জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। কোনওমতে তিনি রাস্তার মাঝামাঝি পৌঁছাতেই প্রথমে দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত হন তিনি। মুহূর্তের মধ্যেই পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা আরেকটি বাইক ওই ব্যক্তিকে ধাক্কা মারে। বাইক আরোহীও ছিটকে পড়েন রাস্তায়। ওই অবস্থায় কোনওক্রমে উঠে তিনি বাইক নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। দু’টি ঘটনাই ঘটে কয়েক সেকেন্ডের ব্যবধানে। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলেও দ্রুতগতিতে গাড়ি চলায় তাঁরা কিছুতেই এগতে পারছিলেন না।
ওই পথচারীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দাশনগর ট্রাফিক গার্ডের পুলিশ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনায় জড়িত দুই বাইক আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এদিন সন্ধ্যা পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পলাতক বাইকচালকদের শনাক্ত করার চেষ্টা চলছে।