বান্দা: উত্তরপ্রদেশের বান্দা জেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২৪ বছরের যুবক। বুধবার বান্দার পুলিস সুপার পলাশ বনসল জানান, মঙ্গলবার বিকেলে ওই শিশু নিখোঁজ হয়ে যায়। পুলিসে অভিযোগ করা হলে চিলা থানার তরফে তল্লাশি অভিযান শুরু হয়। পরে এলাকার কাছেই এক জঙ্গল থেকে শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিস। বর্তমানে সরকারি হাসাতালে তার চিকিৎসা চলছে।
তদন্তে এলাকারই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তাতেই ২৪ বছরের ওই যুবকের কথা সামনে আসে। জানা যায়, নির্যাতিতা ওই শিশুকে যুবকের সঙ্গে জঙ্গলের দিকে যেতে দেখা গিয়েছে। অভিযুক্তের খোঁজে পুলিস জঙ্গলে গেলে গুলি চালায় ওই যুবক। পাল্টা গুলি চালায় পুলিসও। যুবকের পায়ে গুলি লাগে। আহত যুবককে শেষে ধিরে ধরে পুলিস। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ধর্ষণের কথা সে স্বীকার করে নেয়। জানা গিয়েছে, ওই শিশুর পাড়াতেই অভিযুক্তের বাড়ি। মঙ্গলবার শিশুটিকে একা পেয়ে সে ওই জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।