Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

সেঙ্গারের জামিন নিয়ে ন্যায়বিচারের দাবি যোগীর মন্ত্রীর, ক্ষুব্ধ উন্নাওয়ের নির্যাতিতা

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। স্লোগান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অথচ উন্নাও গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়কের সাজা স্থগিত ও জামিনের খবরে ‘উল্লসিত’ গেরুয়া শিবির!

সেঙ্গারের জামিন নিয়ে ন্যায়বিচারের দাবি যোগীর মন্ত্রীর, ক্ষুব্ধ উন্নাওয়ের নির্যাতিতা
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। স্লোগান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অথচ উন্নাও গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়কের সাজা স্থগিত ও জামিনের খবরে ‘উল্লসিত’ গেরুয়া শিবির! মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেছিল। এই নির্দেশকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের পরিবহণমন্ত্রী দয়াশঙ্কর সিং। তিনি বলেছেন, ‘বিচার বিভাগ ভালো করেছে। দেরিতে হলেও ন্যায়বিচার হয়েছে।’ শুধু দয়াশঙ্কর সিং নন, কাঠগড়ায় যোগী আদিত্যনাথ সরকারের আরও এক মন্ত্রী ওমপ্রকাশ রাজভরও। মন্ত্রীমশাইয়ের নির্যাতিতার নিরাপত্তার আশঙ্কা হেসেই উড়িয়ে দিয়েছেন। তাঁর কটাক্ষ, ‘আদালত তো বলেই দিয়েছে, নির্যাতিতা ও তাঁর পরিবার থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকতে হবে সেঙ্গারকে। তাহলে ওদের নিরাপত্তাহীনতায় ভোগার কারণ কী?’ এর আগে দিল্লিতে নির্যাতিতাদের ধরনাকেও উপহাস করেছিলেন তিনি। এধরনের মন্তব্যে ক্ষুব্ধ নির্যাতিতা রাজভরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কটাক্ষ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাজাপ্রাপ্ত ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে। আর বিজেপির শরিক মন্ত্রীরা নির্যাতিতাদের নিয়ে মশকরা করছেন! গেরুয়া শাসিত রাজ্যগুলিতে বিজেপির ‘বেটি বাঁচাও’ স্লোগান প্রহসন হয়ে উঠেছে। 

Advertisement

উন্নাওরে নির্যাতিতার আশঙ্কা, সেঙ্গার ছাড়া পেলে যেখানে খুশি গিয়ে আমাকে খুন করতে পারে। নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে ইতিমধ্যেই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেস শাসিত কোনও রাজ্যে আশ্রয়ের আর্জি জানিয়েছেন তিনি। গণধর্ষণের মামলায় জামিন মিললেও হেপাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর মামলাতেও ১০ বছরের সাজা হয়েছিল সেঙ্গারের। সেজন্য আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। তবে সেক্ষেত্রেও যে একইভাবে রেহাই মিলবে না, সেই নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্ন উঠছে। এরইমধ্যে হাইকোর্টের নির্দেশকে অবিলম্বে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হবে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। এরইমধ্যে এই মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন দুই মহিলা আইনজীবী অঞ্জলি প্যাটেল ও পূজা শিল্পকার। দিল্লি আদালতের নির্দেশের প্রতিবাদে মঙ্গলবার রাতে ইন্ডিয়া গেটে ধরনায় বসে পুলিশের হেনস্তার শিকার হতে হয়েছিল নির্যাতিতা ও তাঁর মাকে। তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ। বুধবারও হেনস্তার মুখে পড়তে হয়। সেঙ্গারের জামিনে নিরাপত্তাহীনতায় ভোগা নির্যাতিতা ও তাঁর পরিবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করলে তা সম্ভব হয়নি বলেই তাঁদের দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ