নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাঁচ বছর কেটে গিয়েছে। এখনও শেষ হল না সোনারপুর থানার নয়া ভবন নির্মাণের কাজ। করোনার জন্য মাঝে দুই বছর কাজ প্রায় বন্ধ ছিল। কিন্তু তারপরও একটা ভবন তৈরি করতে কেন এতদিন লাগছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে পুরনো সোনারপুর থানার ভবনের হাল বেশ খারাপ। বর্ষায় ছাদ চুঁইয়ে জল পড়ে। তাতে কাগজপত্র ভিজে যাচ্ছে। দরকারি নথি বৃষ্টির জল থেকে বাঁচাতে কখনও ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়। কখনও যে অংশ থেকে জল পড়ে, তার নীচ থেকে সব কাগজপত্র সরিয়ে ফেলা হয়। জানা গিয়েছে, আর্থিক সমস্যার কারণেই ধীরগতিতে চলছে নতুন ভবনের কাজ। কবে কাজ শেষ হবে, জোর গলায় তা কেউ বলতেও পারছেন না। পুলিসকর্তাদের দাবি, এখনও ২০ শতাংশ কাজ বাকি।



