সংবাদদাতা, হলদিয়া: অন্ধত্ব দূরীকরণে মহিষাদলকে পূর্ব মেদিনীপুর জেলার মডেল ব্লক গড়তে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কাজ শুরু হচ্ছে। জেলা স্বাস্থ্যদপ্তর, মহিষাদল ব্লক ও পঞ্চায়েত প্রশাসন এবং হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম একসঙ্গে নয়া প্রকল্পে কাজ শুরু করছে মে মাস থেকে। জেলায় পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি সমীক্ষা, চোখের সমস্যা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় চিকিৎসা, ছানি অপারেশন বা চশমা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। আগামী এক বছরের মধ্যে মহিষাদল ব্লককে ছানিমুক্ত মডেল ব্লক গড়ে তোলাই লক্ষ্য। একইসঙ্গে চোখের পরীক্ষার পর প্রয়োজনে সবাইকে চশমা দেওয়া হবে। বাড়ি বাড়ি সমীক্ষার পাশাপাশি ব্লকের সমস্ত প্রাইমারি ও হাইস্কুলেও পড়ুয়াদের চোখ পরীক্ষা শুরু হচ্ছে। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, ‘অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস’ অর্থাৎ পরিহারযোগ্য অন্ধত্ব মুক্ত এই ব্লক জেলায় দৃষ্টান্ত তৈরি করবে। ছানি অপারেশন বা চশমা পরলে এধরনের অন্ধত্ব এড়ানো যায় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সেজন্য ব্লক এলাকায় যাদের এখনও ছানি অপারেশন হয়নি বা চশমা প্রয়োজন, সবাইকে নিবিড়ভাবে পরীক্ষা করে তার ব্যবস্থা করা হবে। হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম সহযোগিতা করছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বিধায়ক আরও বলেন, বিভিন্ন শিবিরে চোখের স্বাস্থ্য পরীক্ষার পর যাদের ছানি অপারেশন হবে, তাদের রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের চোখের হাসপাতাল নেত্রালয়ে পাঠানো হবে। এই প্রকল্পের কাজ কীভাবে শুরু হবে তা নিয়ে বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৈঠক হয়েছে।



