Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারী নিরাপত্তা শিকেয়, রাতে খাবার আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ

রাতে এনজেপিতে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার হলেন এক নববধূ সহ তাঁর পরিবার।

নারী নিরাপত্তা শিকেয়, রাতে খাবার আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ
  • ২৮ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাতে এনজেপিতে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার হলেন এক নববধূ সহ তাঁর পরিবার। সোমবার রাত ১২টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিরিয়ানি কিনতে স্বামী, বোন, বোন জামাইকে নিয়ে এক নববধূ এসেছিলেন। 

Advertisement

বারাসাতের বাসিন্দা ওই বধূ দক্ষিণ শান্তিনগরে বিয়ের পর প্রথম এসেছেন। রাত ১২টা নাগাদ রাতের খাবারের জন্য স্টেশন চত্বরে একটি বিরিয়ানির দোকানে আসেন। তাঁর স্বামী বিরিয়ানি কিনতে দোকানের ভিতরে ঢোকেন। বাকিরা রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেসময় মদ্যপ অবস্থায় চার যুবক রাস্তায় ধারে থাকা কুকুরকে বিরক্ত করছিল। তা দেখে বধূ সহ উপস্থিত পরিবারের বাকি সদস্যরা নিজেদের মধ্যে সমালোচনা করছিলেন। অভিযোগ, নেশাগ্রস্ত ওই যুবকদের মধ্যে দু’জন আচমকা তাঁদের কাছে এসে অশালীন শব্দ প্রয়োগ করতে শুরু করে। মহিলাদের গালিগালাজ করার পাশাপাশি নববধূর গায়ে হাত দেয়। তাঁর স্বামী ও বোন জামাই এ দেখে ওই যুবকদের বাধা দেওয়া চেষ্টা করে। তখন দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সুযোগে দুই দুষ্কৃতী স্কুটার নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় একজন বধূর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে যায়। দু’জনকে আটকে রেখে এনজেপি থানায় খবর দেন তাঁরা। পুলিস এসে ওই দু’জনকে গ্রেপ্তার করে। স্কুটারে পালানো অন্য দু’জনের খোঁজে নামে পুলিস। 
ওই বধূ জানিয়েছেন, এমনটা হবে ভাবতেই পারছি না। অভিযুক্তদের কঠিন শাস্তি হওয়া উচিত। না হলে এনজেপি এলাকায় রাতে চলাফেরা করা যাবে না। উপস্থিত স্থানীয়রাও জানান, রাতের বেলা এলাকা নেশাখোড়দের দখলে চলে যায়। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ওই এলাকায় রাতে নজরদারি বাড়াচ্ছি। বাড়তি পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কোনওভাবেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য মেনে নেওয়া যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ