Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বিহারে এবার পিঙ্ক বাসে মহিলা কর্মী

এই বাস শুধুই মেয়েদের জন্য। বেশ তা নাহয় বোঝা গেল। কিন্তু যদি বলি, বাসের চালক কন্ডাক্টর সবই মহিলা! তাহলে? ২০২৫-এর শেষ লগ্নে বিহার সরকার রাজ্যজুড়ে শুধুমাত্র নারীদের দ্বারা পরিচালিত গোলাপি বাস পরিষেবা চালু করে দিল।

বিহারে এবার পিঙ্ক বাসে মহিলা কর্মী
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এই বাস শুধুই মেয়েদের জন্য। বেশ তা নাহয় বোঝা গেল। কিন্তু যদি বলি, বাসের চালক কন্ডাক্টর সবই মহিলা! তাহলে? ২০২৫-এর শেষ লগ্নে বিহার সরকার রাজ্যজুড়ে শুধুমাত্র নারীদের দ্বারা পরিচালিত গোলাপি বাস পরিষেবা চালু করে দিল। এর আগে ২০২৫-এর জুন মাসে নারী নিরাপত্তার অঙ্গ হিসেবে অনেকগুলি গোলাপি বাস চালু হয়েছিল বিহারে। কিন্তু এবার থেকে এই বাসে চালক, কন্ডাক্টর, যাত্রী সবই হবেন শুধু মহিলারা। সেই মর্মে ঔরঙ্গবাদে ইনস্টিটিউট অব ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ (আইডিটিআর)-এ ২১ জন মহিলাকে প্রশিক্ষণের কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশিক্ষণ শেষের পর রাজ্যজুড়ে চলা গোলাপি বাসগুলির চালক ও কন্ডাক্টর পদে নিয়োগ হবেন তাঁরা। বিহার সরকারের দাবি, এতে নারী নিরাপত্তার পাশাপাশি মেয়েদের কর্মসংস্থানের দিকটিও সুরক্ষিত হবে। বিহারের পরিবহণ ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রাবণ কুমার বলেন, ‘এই কর্মসূচি মেয়েদের ক্ষমতায়ন ও আর্থিক স্বাধীনতার পথকে সুগম করবে। মেয়েরা নিজেরাই যে নিজেদের রক্ষা করতে পারে, সেই বার্তাও এই পদক্ষেপের মাধ্যমেই সমাজে তুলে ধরা হবে। বাস চালানোর সঙ্গে যাত্রী নিরাপত্তা, নিজেদের সুরক্ষিত রাখা সবকিছুরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই মহিলাদের।’ আপাতত পাটনা, মুজফফরপুর, ভাগলপুর, দ্বারভাঙা ও পূর্ণিয়ায় ২০টি পিঙ্ক বাস চলাচল করে। আধিকারিকদের মতে, এই বাস পরিষেবায় সন্তুষ্ট হয়েই যাত্রীদের দাবি মেনেই এই পরিষেবা আরও বাড়িয়ে তোলা হল ও মহিলাদের এই পরিষেবায় সরাসরি সংযুক্তিকরণ করা হল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ