Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে ভালো রাস্তার উপর ফের ঢালাই, কাজ বন্ধ করলেন মহিলারা

ভালো ঢালাই রাস্তা থাকলেও তার উপর ফের ঢালাই করা হচ্ছিল।

ভরতপুরে ভালো রাস্তার উপর ফের ঢালাই, কাজ বন্ধ করলেন মহিলারা
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ভালো ঢালাই রাস্তা থাকলেও তার উপর ফের ঢালাই করা হচ্ছিল। সোমবার ভরতপুর-১ ব্লকের ব্রাহ্মণডিহি গ্রামে এঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মহিলারা কাজ বন্ধ করে দেন। তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। ভরতপুর পঞ্চায়েতের প্রধান, স্থানীয় সদস্য ও পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে মহিলাদের দাবি মেনে কাজ বন্ধ করে ওই স্কিমের টাকায় একটি কাঁচা রাস্তা ঢালাই করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Advertisement

কয়েকবছর আগে ওই গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরি হয়েছিল। রাস্তাটির কয়েক জায়গায় ফাটল ধরলেও মানুষের যাতায়াতে খুব একটা সমস্যা হয় না। এদিন সকালে ওই পুরনো রাস্তায় সংশ্লিষ্ট ঠিকাদার ফের ঢালাইয়ের কাজ শুরু করে। যদিও গ্রামের মানুষ বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে, যেটুকু রাস্তা ঢালাই হয়েছে, তার পর থেকে কাঁচা রাস্তা ঢালাই করা হোক।ভরতপুর পঞ্চায়েত সূত্রে খবর, নতুন রাস্তার জন্য ১লক্ষ ৯৪হাজার ৯৬৪টাকা বরাদ্দ হয়েছিল। আইনাল শেখের বাড়ি থেকে ডালু শেখের বাড়ি পর্যন্ত রাস্তা হওয়ার কথা। কিন্তু কয়েকবছর আগেই এই রাস্তা ঢালাই করা হয়েছে। এদিন ফের রাস্তাটি ঢালাই করার চেষ্টা হলে এলাকার মহিলারা বাধা দেন।
গ্রামের মহিলা পুতুল বেগম বলেন, পঞ্চায়েত থেকে আমাদের বলা হয়েছিল-ঢালাই রাস্তা যেখানে শেষ হয়েছে, তারপর থেকে ঢালাই করা হবে। কিন্তু ঠিকাদার পুরনো ঢালাই রাস্তার উপর ফের ঢালাইয়ের চেষ্টা করছিলেন। অথচ কয়েকমাস আগে এই পাড়ার বাসিন্দারা নিজেদের খরচে ঢালাই রাস্তা যেখানে শেষ হয়েছে, সেখান থেকে কাঁচা রাস্তা তৈরি করেছিলেন। সেই মাটির রাস্তাই ঢালাই করার কথা পঞ্চায়েত থেকে আমাদের বলা হয়েছিল।
এদিন মহিলাদের বিক্ষোভের জেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য, প্রধান ও ভরতপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছন। পুলিস অনেকক্ষণ ধরে মহিলাদের সঙ্গে কথা বলে। অবশেষে পঞ্চায়েতের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়, এদিনের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে মহিলাদের দাবি মেনে মাটির রাস্তাটি ঢালাই করা হবে।
পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল বলেন, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এই রাস্তার প্ল্যান ও এস্টিমেট করেছিলেন। তাঁর কোথাও ভুল হয়েছিল বলেই এদিন ঢালাই রাস্তার উপর ফের ঢালাইয়ের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। এলাকার মানুষের আবেদন মেনে মাটির রাস্তাটি ঢালাই করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ