সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার সকালে মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন শালবাড়ি মোড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির সামনে পড়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম লিপিকা রায় (২৬)। তাঁর বাড়ি বাতাবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির খরিয়ারবন্দর বস্তিতে। স্থানীয়রা জনিয়েছেন, শনিবার গভীর রাতে দু’টি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় চলে আসে। রবিবার ভোরে হাতিগুলি খরিয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরছিল। হঠাৎ সেই হাতিগুলির সামনে পড়ে যান লিপিকাদেবী। হাতি দেখেই তিনি ভয়ে অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর ছ’মাসের শিশু সন্তান রয়েছে।



