Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের সভায় কী শর্ত চাপবে! আজ ফয়সালা হাইকোর্টে

২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস কর্মসূচিতে শর্ত বেঁধে দিতে চলেছে কলকাতা হাইকোর্ট।

তৃণমূলের সভায় কী শর্ত চাপবে!  আজ ফয়সালা হাইকোর্টে
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস কর্মসূচিতে শর্ত বেঁধে দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। মূলত যান চলাচল স্বাভাবিক রাখতেই শর্ত দিতে পারে আদালত। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

Advertisement

২১ জুলাইয়ের দিন যান চলাচল সচল রাখার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বামপন্থী আইনজীবীদের সংগঠন। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানি। শুরুতেই একযোগে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবী। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল(এজি) স্পষ্ট জানান, ওই দিন যান নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সবক্ষেত্রেই এটা করা হয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা শহিদ মিনারে সভা হলেও যান নিয়ন্ত্রণ করা হয়। এমন কী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এলেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। বিচারপতি ঘোষ তখন বলেন, ‘আর কত দিন রাস্তা বন্ধ করে কর্মসূচি সহ্য করতে হবে? ওই দিন কলকাতায় কোনও ট্রাফিক সংক্রান্ত সমস্যা হবে না, এটা কি কলকাতার পুলিস কমিশনার মুচলেকা দিয়ে জানাবেন? আপনাদের কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে।’ তাঁর আরও পর্যবেক্ষণ, ‘এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব। কর্মসূচির জায়গা বদলাব না।’ তৃণমূলের আইনজীবীর উদ্দেশে বিচারপতি এও বলেন, ‘আগামী বছর থেকে শহিদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কি না, সেটা আপনাদের ভাবতে হবে।’ তৃণমূলের আইনজীবীর তখন বলেন, ওই জায়গাকে নিয়ে একটা আবেগ জড়িয়ে রয়েছে। বিচারপতি ঘোষ বলেন, ‘সব রাজনৈতিক দলের নির্দিষ্ট জায়গা নিয়ে আবেগ থাকতে পারে। আমার যত দূর মনে পড়ছে, কোনও এক বছর ২১ জুলাইয়ের কর্মসূচি ব্রিগেডে হয়েছিল। এ ভাবে রাস্তা বন্ধ করে কর্মসূচি হবে, এটা কত দিন সহ্য করতে হবে?’ বিচারপতির আরও মন্তব্য, ‘বিভিন্ন মামলায় বলেছি, রাস্তার এক-তৃতীয়াংশ ছেড়ে রেখে কর্মসূচি করতে হবে। সকাল ১১টার পর কর্মসূচি করতে বলুন। ওই সময় সবাই অফিস যান। ওই সময়টা ছেড়ে দিন।’ বিচারপতির নির্দেশ, কর্মসূচির জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিসের যাবতীয় বিজ্ঞপ্তি আজ শুক্রবার আদালতে পেশ করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ