Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতদিন পর ট্যাপকল থেকে জল পড়ল

৭ দিন পর জল পড়ল মানবাজারে ট্যাপ কলগুলো থেকে। গত শুক্রবার থেকে রাস্তা সম্প্রসারণ কাজের ফলে মানবাজার মহকুমা শহরের জল সরবরাহ ব্যাহত হয়।

সাতদিন পর ট্যাপকল থেকে জল পড়ল
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: ৭ দিন পর জল পড়ল মানবাজারে ট্যাপ কলগুলো থেকে। গত শুক্রবার থেকে রাস্তা সম্প্রসারণ কাজের ফলে মানবাজার মহকুমা শহরের জল সরবরাহ ব্যাহত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শহরের ট্যাপ কলগুলো থেকে জল পড়তে দেখা যায়। এদিন জল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা দেখা দিতেই স্বস্তি ফিরেছে শহরে। তবে এদিন পাড়ার ট্যাপ কলগুলো থেকে ঘোলা জল পড়ায় অনেকেই জল নেননি। তবে কেউ কেউ আবার ওই জলই বালতি করে বাড়ি নিয়ে যান। এবার সম্ভবত ভোগান্তি মিটবে বলে আশায় শহরের বাসিন্দারা।

Advertisement

তবে, এনিয়ে মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশিস ধর বলেন, আজকে পাইপলাইন মেরামতির পর জল চালিয়ে টেস্টিংয়ের কাজ চলছে। কোনও ত্রুটি ধরা না পড়লে আগামী কাল শুক্রবার সকাল থেকে জল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে।
মানবাজার শহরের ইন্দকুড়ির কাছে রাস্তা সম্প্রসারণ কাজের ফলে গত শুক্রবার থেকে শহরে জল সরবরাহ ব্যাহত ছিল। ওই জায়গায় পাইপলাইন মেরামতির কাজ চলছিল। এতেই ক্ষোভ জমেছিল শহরের বাসিন্দাদের মনে। কারণ তাদের একমাত্র ভরসা ছিল নলবাহিত জল। কিন্তু গত সাতদিন ধরে সেই জল না মেলায় দুর্ভোগে পড়েছিলেন বাসিন্দারা। মানবাজার শহর লাগোয়া হরেকৃষ্ণপুর গ্রামের কাছে কংসাবতী নদী থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে তা সরবরাহ করা হয় শহরে। ইন্দকুড়ির কাছে পাইপলাইন মেরামতের কাজ শুরু করে পিএইচই। কাজের ঢিলেমি দেখে অনেকেই ক্ষোভ উগরে দেন। এতদিন ট্যাঙ্কারের সাহায্যে মানবাজারের পাড়ায় পাড়ায় জল সরবরাহ করেছে পিএইচই। কিন্তু ওই জলের চাহিদা পূরণ হচ্ছিল না বলে অভিযোগ বাসিন্দাদের। তবে এদিন জল আসতেই খুশি অনেকে। মানবাজারের মঞ্জু দাস সহ কয়েকজন জানান, সাতদিন পর জল পড়ছে দেখে ভালো লাগছে। কিন্তু জলটা পান করার উপযোগী নয়, ঘোলা। তবে এদিন টেস্টিংয়ের কাজ চলছিল। শহরের আরেক বাসিন্দা জানান, যাইহোক ট্যাপ কলগুলো থেকে জল পড়ছে দেখে ভালো লাগছে। এরপর হয়তো পুরোপুরি জল সরবরাহ স্বাভাবিক হবে। এতদিন জল না পেয়ে হন্যে হয়ে ঘুরতে হচ্ছিল মানবাজারের বিভিন্ন পাড়ার বাসিন্দাদের। দিন যত বাড়ছিল ততই জলের জন্য ক্ষোভ জমছিল বাসিন্দাদের মনে। জল না মেলায় পাড়ায় পাড়ায় মহিলাদের বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনাও ঘটে। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ