নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো ভারতীয় নথি তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সৌমিক দত্ত ও মমতাজউদ্দিন। পুলিস জেনেছে, মৃত ব্যক্তিদের নামে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছে তারা। কীভাবে চলত কারবার? এলাকায় ঘুরে মৃত ব্যক্তির তালিকা সংগ্রহ করত। তারপর অস্তিত্বহীন ব্যক্তির নামে ভোটার কার্ড তৈরি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হাতে এসেছে পুলিসের। এই ধরনের ডজনখানেক ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যে সমস্ত বাংলাদেশিরা এই ধরনের ভোটার কার্ড পেয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। এদিকে পুলিস হেফাজত শেষে শুক্রবার বাংলাদেশি মডেল শান্তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী আদালতে বলেন, শান্তার কাছ থেকে ভারতীয় আধার, ভোটার, প্যান কার্ড মিলেছে। পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেন ছিলেন তা জানা দরকার। সওয়াল শেষে বিচারক তাঁকে ২২ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠান।



