Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জোড়া লক্ষ্যভেদ বিষ্ণুর, দৃষ্টিনন্দন গোল সায়নের, জর্জকে হারিয়ে লিগ শীর্ষে ইস্ট বেঙ্গল

মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে সহজেই উড়িয়ে দিল মশাল বাহিনী।

জোড়া লক্ষ্যভেদ বিষ্ণুর, দৃষ্টিনন্দন গোল সায়নের, জর্জকে হারিয়ে লিগ শীর্ষে ইস্ট বেঙ্গল
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে সহজেই উড়িয়ে দিল মশাল বাহিনী। জয়ের হ্যাটট্রিকের সৌজন্যে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বিনো জর্জ ব্রিগেড। ১০ ম্যাচের তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। ফলে সুপার সিক্স নিশ্চিত ইস্ট বেঙ্গলের। জোড়া গোলে ম্যাচের নায়ক বিষ্ণু। এছাড়াও স্কোরশিটে নাম তুললেন সায়ন ব্যানার্জি ও মনোতোষ মাজি। গ্রুপ এ’র দ্বিতীয় স্থানে রয়েছে পুলিস এসি। ১০ ম্যাচে তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট। বৃহস্পতিবার পাঠচক্রের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা। আর শুক্রবার কালীঘাট মিলন সঙ্ঘের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচ জিতলেই শীর্ষস্থান পাকা হবে মশাল বাহিনীর। 
তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও এদিন সিনিয়র দলের ছয় ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন কোচ বিনো। তবে প্রথমার্ধে বিপক্ষ রক্ষণের পায়ের জঙ্গল ভেদ করতে পারেননি এডমুন্ড, অনন্থুরা। এই পর্বে ম্যাচে আধিপত্য রাখলেও প্রতিপক্ষের ডিফেন্সিভ থার্ডে খেই হারিয়ে ফেলে মশাল বাহিনীর আক্রমণ। বিরতিতে জোড়া পরিবর্তন করেন বিনো। অনন্থু ও বিজয়ের বদলে গুইতে এবং শ্যামল বেসরা মাঠে আসতেই বদলে যায় ইস্ট বেঙ্গল। আক্রমণের ঝড় তুলে ডেডলক খোলেন বিষ্ণু। ৬৮ মিনিটে জাল কাঁপান তিনি (১-০)। এরপর ৮৩ মিনিটে ছিল সুপার-সাব সায়নের পালা। বাঁ প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে কাট করে ঢুকে বল জালে জড়ান তিনি (২-০)। ৮৮ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় লক্ষ্যভেদ বিষ্ণুর (৩-০)। সংযোজিত সময়ে জর্জের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পরিবর্ত হিসেবে মাঠে আসা মনোতোষ (৪-০)। তবে এদিন প্রতিপক্ষকে পাঁচ গোলে হারানোর সুযোগ নষ্ট করল ইস্ট বেঙ্গল। ম্যাচের শেষ পর্বে পেনাল্টি পায় বিনো ব্রিগেড। কিন্তু স্পট-কিক থেকে লক্ষ্যভেদে সফল হননি ডেভিড। ম্যাচ শেষে লাল-হলুদ কোচের মন্তব্য, ‘ভালো ফুটবল মেলে ধরেছে ছেলেরা। তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
ইস্ট বেঙ্গল: দেবজিৎ, প্রভাত, জোসেফ, বিক্রম (সঞ্জয়), শৌভিক, তন্ময়, বিজয় (শ্যামল), অনন্থু( গুইতে), বিষ্ণু, এডমুন্ড (সায়ন) ও ডেভিড (মনোতোষ)।     

Advertisement

 

ইস্ট বেঙ্গল- ৪                    :               জর্জ টেলিগ্রাফ-০
(বিষ্ণু-২, সায়ন, মনোতোষ)

Advertisement
সম্পর্কিত সংবাদ