Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের অভাব অনুভূত হবে, মন্তব্য জেফ্রি বয়কটের

বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগে।

বিরাটের অভাব অনুভূত হবে, মন্তব্য জেফ্রি বয়কটের
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

লন্ডন: বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দুই তারকার অনুপস্থিতি টিম ইন্ডিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। তবে জিওফ্রে বয়কটের ধারণা, বিরাটের না থাকাটাই বেশি ভোগাবে ভারতকে। নিজের কলামে ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার লিখেছেন, ‘বিরাট ও রোহিত না থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা ধাক্কা খেয়েছে ভারতের। এরমধ্যে বড় ক্ষতি অবশ্যই কোহলির না থাকা। ও ভারতের সেরা ব্যাটসম্যান। তিন ফরম্যাটেই প্রধান ভরসা। তবে এখন এত বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে যে, বিশ্রামের সময় মিলছেই না। এর প্রভাব পড়ছে শরীরে। মানসিকভাবেও ক্লান্তি ঘিরে ধরছে।’

Advertisement

৮৪ বছর বয়সি বয়কটের বিশ্লেষণ, ‘যত প্রতিভা বা অভিজ্ঞতা থাক না কেন, মনের দিক থেকে তরতাজা অবস্থায় মাঠে নামা অত্যন্ত জরুরি। তবেই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব। রোহিত নিঃসন্দেহে দুরন্ত ব্যাটসম্যান। মেজাজে থাকলে স্ট্রোক প্লেয়ার হিসেবে অপ্রতিরোধ্য। কিন্তু এই টেস্ট সিরিজে ওর না থাকা কোহলির মতো প্রভাব ফেলবে না। কারণ রোহিতের টেস্ট রেকর্ড ভালো হলেও অসাধারণ কিছু নয়। গত কয়েক বছরে ধারাবাহিকতার অভাবেও ভুগেছে। ৩৮ বছর বয়সি একজন ক্রিকেটারের অবসর তাই বিস্ময়কর কিছু নয়।’
রোহিতকে কখনওই বিরাটের মতো সহজাত অ্যাথলিট বলে মনে হয়নি বয়কটের। টেস্টে আট হাজারের বেশি রানের মালিকের মতে, ‘অস্বীকারের জায়গা নেই, কোহলির মতো অ্যাথলিট নয় রোহিত। তাছাড়া ও জানত যে, ইংল্যান্ডে ওপেন করা কতটা কঠিন। এখানে বল হাওয়ায় অনেক বেশি মুভ করে। ওপেনার হিসেবে সফল হতে গেলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে দক্ষতার সঙ্গে। আমার মনে হয়, সময়ের সঙ্গে সঙ্গে ওর দক্ষতা কমেছে। দীর্ঘদিন ধরে ওপেন করার পাশাপাশি নেতৃত্বের ধকলও ছিল রোহিতের উপর।’ উল্লেখ্য, ২০২১ সালে শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেবার রোহিতই ছিলেন দলের সেরা ব্যাটার। অন্যদিকে, ২০১১ সালের পর এই প্রথম ইংল্যান্ডে টেস্ট সিরিজে বিরাটকে ছাড়া খেলবে টিম ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ