Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার

দেশাত্মবোধক সিনেমাতে অভিনয় করেই জনপ্রিয় হয়েছিলেন। তাঁর অভিনীত ও পরিচালিত সিনেমা ‘পুরব ও পশ্চিম’, ‘ক্রান্তি’ ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার
  • ৪ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

মুম্বই, ৪ এপ্রিল: দেশাত্মবোধক সিনেমাতে অভিনয় করেই জনপ্রিয় হয়েছিলেন। তাঁর অভিনীত ও পরিচালিত সিনেমা ‘পুরব ও পশ্চিম’, ‘ক্রান্তি’ ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই কালজয়ী সিনেমাগুলির অভিনেতা মনোজ কুমার প্রয়াত। আজ, শুক্রবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ কুমার। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

Advertisement

বলিউডে ‘ভরত কুমার’ নামেই পরিচিত ছিলেন তিনি। শুধুই অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল মনোজবাবুর। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্সে শোকবার্তায় মোদি লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক শ্রী মনোজ কুমারজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রের আইকন ছিলেন তিনি। দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় হয়েছিলেন। তাঁর অভিনয় দেশকে গর্বিত করেছে। আগামী প্রজন্ম তাঁর থেকে অনুপ্রেরণা পাবে। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।’

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মনোজ কুমার অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমা হল- ‘পুরব ও পশ্চিম’, ‘ক্রান্তি’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘হরিয়ালি অউর রাস্তা’, ‘ডক্টর বিদ্যা’, ‘শাদি’, ‘গৃহস্তি’, ‘শহিদ’, ‘নীল কমল’, ‘মেরা নাম জোকার’, ‘সন্তোষ’ ইত্যাদি। অভিনয় জগত ছাড়াও রাজনীতির ময়দানে পা রেখেছিলেন মনোজ কুমার। ২০০৪ সালের সাধারণ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন এই বর্ষীয়ান অভিনেতা। ১৯৯২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান দেয়। ২০১৬  সালে পেয়েছিলেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও।

Advertisement
সম্পর্কিত সংবাদ