ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির আবহে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশার আলো। দু’দেশের মধ্যে এব্যাপারে আলোচনা চলছে। আর সেই আলোচনার ফল মিলতে চলেছে। খুব শীঘ্রই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি বলেছেন, এব্যাপারে রফাসুত্র পেয়েছে উভয় দেশই। সোমবার ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ফোরামে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন হাওয়ার্ড। তিনি বলেছেন, সদর্থক মনোভাব নিয়ে দুই দেশ আলোচনার টেবিলে বসেছে। সেজন্যই ইতিবাচক পথে এগনো গিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি হতে চলেছে। প্রায় শেষ পর্যায়ের আলোচনা চলছে। সেইসঙ্গে অবশ্য ভারত-পাক চলতি সংঘাতের আবহে বাণিজ্য চুক্তি নিয়ে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন বাণিজ্য সচিবের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, বেশি সময় লাগবে না, দ্রুতই ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা যেতেই পারে। এব্যাপারে সমাধান সূত্র পাওয়া গিয়েছে। এতে লাভবান হবে উভয়পক্ষই। ভারতে মার্কিন পণ্যের আমদানিতে চড়া হারে শুল্ক চাপানো নিয়ে ট্রাম্প শুরু থেকেই চাপ বাড়িয়েছেন। এব্যাপারে হাওয়ার্ড বলেছেন, ট্রাম্প বিষয়টির সরাসরি নিষ্পত্তি চাইছেন। যুক্তিসঙ্গত শুল্কহার, সেখানকার বাজারের সুযোগ, বাণিজ্য ঘাটতি কমানোই এর লক্ষ্য। এর অর্থ এই নয় যে, সমস্ত ক্ষেত্রের জন্যই তা প্রযোজ্য হবে। বরং এমন এক ব্যবস্থা হবে, যাতে পারস্পরিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এর পরিবর্তে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন বাজারে বিশেষ সুবিধা পাবে ভারত।