Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মার্কিন নিষেধাজ্ঞা: রাশিয়ার থেকে তেল আমদানি প্রায় এক-তৃতীয়াংশ কমাল দিল্লি

রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ভারতের তেল আমদানিতে। অন্তত এক-তৃতীয়াংশ তেল আমদানি কমিয়ে দিয়েছে দিল্লি।

মার্কিন নিষেধাজ্ঞা: রাশিয়ার থেকে তেল আমদানি প্রায় এক-তৃতীয়াংশ কমাল দিল্লি
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ভারতের তেল আমদানিতে। অন্তত এক-তৃতীয়াংশ তেল আমদানি কমিয়ে দিয়েছে দিল্লি। বিশেষজ্ঞদের মতে, দিনে দিনে এই আমদানির পরিমাণ আরও কমবে। গত ২১ নভেম্বর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তারপরই দেখা যাচ্ছে, আগে যেখানে দৈনিক গড়ে ১৮ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করত ভরত, এখন তা কমে এসেছে ১২ লক্ষ ৭০ হাজার ব্যারেলে। তেল আমদানি-রফতানির উপর নজর রাখে কেপলার নামে একটি সংস্থা। পরিসংখ্যান তুলে ধরে তারা জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে হঠাৎই আমদানি বাড়িয়ে দেয় দিল্লি। ফলত দৈনিক আমদানি পাঁচমাসের মধ্যে রেকর্ড গড়ে। কেপলারের মুখ্য গবেষক সুমিত রিতোলিয়া বলেন, ‘২১ নভেম্বরের ঠিক আগে ভারতীয় সংস্থাগুলির আমদানি বেড়ে ১৯ লক্ষ থেকে ২০ লক্ষ ব্যারেলে পৌঁছে গিয়েছিল। আসলে তারা অপরিশোধিত তেল মজুত করছিল। নিষেধাজ্ঞা কার্যকর হলে তা শোধন করে ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা করেছে ভারতীয় সংস্থাগুলি।’ 

Advertisement

জাহাজের গতিবিধি এবং আমদানিকারকদের আচরণ বিশ্লেষণ করে কেপলার জানিয়েছে, ডিসেম্বরে দৈনিক আমদানি কমে দাঁড়াতে পারে ১০ লক্ষ ব্যারেল। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভরত। আগে মূলত পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি করা হত। ২০২২ সালের পর রাশিয়া থেকে কম দামে তেল কিনতে শুরু করে দিল্লি। একসময় রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতাও হয়ে যায়। এখন পরিস্থিতি বদলেছে। রুশ তেল উৎপাদক দুই সংস্থা রসনেফট এবং লুকঅয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এরপরই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচপিসিএল, এইচপিসিএল-মিত্তল এনার্জি লিমিটেডের মতো সংস্থা আপাতত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ