Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

মায়ানমারে মৃতের সংখ্যা লাখে পৌঁছতে পারে, শঙ্কা মার্কিন জিওলজিক্যাল সার্ভের

সার দিয়ে মুখ থুবড়ে পড়ে বহুতল। কংক্রিটের স্তূপ ফুঁড়ে বেরিয়ে এসেছে লোহার কাঠামো।

মায়ানমারে মৃতের সংখ্যা লাখে পৌঁছতে পারে, শঙ্কা মার্কিন জিওলজিক্যাল সার্ভের
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০

ব্যাংকক ও নেপি দ: সার দিয়ে মুখ থুবড়ে পড়ে বহুতল। কংক্রিটের স্তূপ ফুঁড়ে বেরিয়ে এসেছে লোহার কাঠামো। টেনে হিঁচড়ে কংক্রিটের চাঁই সরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। চলছে প্রাণের সন্ধান। তার মধ্যেই ভারী ভারী চাঙড়ের নীচ থেকে বেরিয়ে আসছে একের পর এক নিথর দেহ। ডুকরে কেঁদে উঠছেন স্বজনহারা মানুষ। শনিবার মায়ানমারের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬৪৪। জখম ৩ হাজার ৪০৮ জন। নিখোঁজ ১৩৯ জন। মায়ানমার কর্তৃপক্ষের এই বিবৃতির মধ্যেই মার্কিন জিওলজিক্যাল সার্ভের আশঙ্কা, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনকী তা লাখে পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আতঙ্ক বাড়িয়েছে ভোররাতে ৫.১ তীব্রতার আরও একটি আফটার শক। প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সরকার এদিন জানিয়েছে, সেদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ব্যাংককে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের নীচে চাপা পড়া শ্রমিকদের এখনও কোনও খোঁজ নেই। 

Advertisement

গতকাল মায়ানমারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রাণ ও উদ্ধারের কাজে সাহায্যের পাশাপাশি এদিন ফোনে মায়ানমারের জুন্টা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন আঙ লাইংয়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে খাবারের প্যাকেট, সোলার ল্যাম্প, কিচেন সেট সহ ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। ত্রাণ সামগ্রী সহ বিমানবাহিনীর সি ১৩০ জে এয়ারক্র্যাফ্টে চড়ে ইয়াঙ্গনে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০ জনের একটি টিম। তাঁদের সঙ্গে রয়েছে উদ্ধারকাজে ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রীও। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ব্রহ্ম’। সেখানে ৬০ শয্যার অস্থায়ী চিকিৎসাকেন্দ্র তৈরি করেছে ভারতীয় সেনা।  
ভূমিকম্পের উৎসস্থল মান্দালয়ের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারের রাজধানী নেপি দ-তেও। শহরের বিস্তীর্ণ এলাকায় এখনও অমিল বিদ্যুৎ, ফোন ও ইন্টারনেট পরিষেবা। ভেঙে পড়েছে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। ফলে গতকাল থেকে বিমান পরিষেবা স্তব্ধ। এরইমধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ। মায়ানমারের মতোই ভূমিকম্পে বিপর্যস্ত থাইল্যান্ডও। বিশেষ করে ক্ষতিগ্রস্ত গ্রেটার ব্যাংকক এলাকা। শহরের চাতুচক মার্কেটে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের নীচে চাপা পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ বলেই মনে করছে কর্তৃপক্ষ। ভেঙে পড়া বহুতলগুলির ধ্বংসস্তূপ সরাতে এদিন ভারী ভারী যন্ত্র নামানো হয়েছে। 
একটি বহুতলের নীচে চাপা পড়েছেন নারুইমল থংলেক নামে ৪৫ বছরের এক মহিলার ছয় পরিচিত। কান্না ভেজা চোখে থংলেক বললেন, ‘প্রার্থনা করে চলেছি যাতে ওরা সবাই জীবিত উদ্ধার হয়। কিন্তু এখানে এসে এই বিশাল ধ্বংসস্তূপ দেখার পর মন কু গাইছে। ওরা আদৌ বেঁচে আছে তো? এই কংক্রিটের নীচে বেঁচে থাকা সম্ভব! প্রার্থনা ছাড়া আর কী-ই বা করার আছে আমার।’   

সম্পর্কিত সংবাদ