নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতকে অনুদান দিয়েছিল আমেরিকা। ২ কোটি ডলার। সেই অর্থ ব্যবহার হয়েছিল ভারতের ভোটারদের প্রভাবিত করার জন্য। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অভিযোগ যে ভিত্তিহীন, বারংবার তা জানিয়েছে ভারত সরকার। এবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের আনা অভিযোগের প্রেক্ষিতে মার্কিন প্রশাসনের কাছে সরকারিভাবে নথি চাওয়া হয়েছিল। জবাবে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ভারতকে লিখিতভাবে জানানো হয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত মার্কিন অনুদান হিসেবে ভারতকে যে অর্থ দেওয়া হয়েছে, তার সঙ্গে ভারতের ভোটপর্বে ভোটারদের প্রভাবিত করা বা ভোটার সংখ্যা বৃদ্ধির কোনও প্রকল্প জড়িত নয়। মার্কিন অনুদান প্রকল্পে ওই মর্মে কোনও অর্থ দেওয়া হয়নি।



