নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল রাজ্যে ফের ১০০ দিনের কাজ চালু করতে হবে ১ আগস্ট থেকে। কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প রাজ্যে বাস্তবের মুখ দেখল না। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় গরিব-খেটে খাওয়া মানুষজন মিছিল করে ৪(ক) অর্থাত্ কাজ চাওয়ার ফর্ম জমা দিতে যান। অভিযোগ, অনেক জেলাতেই সেই ফর্ম গ্রহণ করা হয়নি। এই অবস্থায় ১০০ দিনের কাজ নিয়ে মামলাকারী পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি সোমবার ফের হাইকোর্টে ‘মেনশন’ করতে চলেছে।
সূত্রের খবর, এই বিষয়ে হাইকোর্টে ফের ১৮ আগস্ট শুনানি আছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বর্তমানে ‘এসএনএস স্পর্শ’ পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেই টাকা কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কে (আরবিআই) রাখে। আরবিআই রাজ্যকে দেয়। কিন্তু সেই টাকা আসেনি। কর্মদিবসও নেই। কিন্তু তা সত্ত্বেও রাজ্য ‘এসএনএস স্পর্শ’-এর ব্যবস্থা করে রেখেছে। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে ট্রায়াল শীঘ্রই হবে। এদিকে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির আইনজীবী পূর্বায়ন চক্রবর্তী বলেন, ‘আমরা আগামী সোমবার এই বিষয়ে হাইকোর্টে মেনশন করব।’
অন্যদিকে, এদিন ৪(ক) ফর্ম ভরার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল হয়েছে। সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ বলেন, ‘এবার মূলত লড়াই হবে মাঠে ময়দানে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া শুরু করেছি। কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোতেও ডেপুটেশন দেওয়া হবে। এবার কাজ না দিলে ভাতা দিতে হবে। কাজ না-হলে ফের হাইকোর্টে যাব।’ হাইকোর্টে মামলাকারী সংগঠন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির সম্পাদক সন্দীপ সিংহ বলেন, ‘বিভিন্ন জেলায় কাজের আবেদন জমা নেয়নি—বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা-সহ কয়েকটি জেলা। তাদের বক্তব্য, আমাদের কাছে অনুমতি নেই। কেন্দ্রীয় সরকার কোনও কথাই বলছে না। আমরা ঠিক করেছি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হাইকোর্টে যাব।’