নয়াদিল্লি (পিটিআই): উন্নাও কাণ্ডে প্রাক্তন বিজেপি বিধায়কের জামিনের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালিত হল দিল্লি হাইকোর্টের বাইরে। সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড, পোস্টার হাতে স্লোগান দিলেন প্রতিবাদীরা। দাবি উঠল, অপরাধী ও ধর্ষকদের রক্ষা করা চলবে না। প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন বাতিল করতে হবে। এদিনের বিক্ষোভে অংশ নেন উন্নাও নির্যাতিতার মা-ও। তিনি বলেন, ‘সেঙ্গারের যাবজ্জীবনের সাজা স্থগিত করে তাকে জামিনের যে নির্দেশ দিল্লি হাইকোর্ট দিয়েছে, তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাব। শীর্ষ আদালতের উপর আমরা আস্থা রয়েছে।’ আর এই প্রতিবাদ কর্মসূচি চলার মধ্যেই দিল্লি পুলিশ মাইক্রোফোনে ঘোষণা করতে থাকে, হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রতিবাদ করতে চাইলে যন্তর মন্তরে যান। ঘটনাচক্রে, দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের পরই ইন্ডিয়া গেটের বাইরে ধরনায় বসেছিলেন নির্যাতিতা ও তাঁর মা। কিন্তু গভীর রাতে তাঁদের টেনে-হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।



