নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ইউনিয়ন রুমে ঝুলবে তালা। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিস দিয়ে এমনটাই জানানো হয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআই এই দাবিতেই গত ২৪ ঘণ্টা আন্দোলন ঘেরাও করেছিল। রাজাবাজার সায়েন্স কলেজের সায়েন্স সেক্রেটারিকে ঘেরাও করে রেখেছিলেন এসএফআই কর্মী-সমর্থকরা। ইউনিয়ন রুমে তালা সেই আন্দোলনেরই ফল বলে দাবি এসএফআইয়ের।
এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক মাল্যবান গঙ্গোপাধ্যায় বলছেন, ‘দীর্ঘ কয়েকবছর ছাত্র সংসদ নির্বাচন হয় না। এই ইউনিয়ন রুমগুলো বহিরাগতদের অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছিল। সোমবার রাজাবাজার সায়েন্স কলেজে পড়ুয়াদের উপর আক্রমণ করে বহিরাগতরা। তারপর ঘেরাও শুরু করি। এদিন সন্ধ্যায় আমাদের দাবি মেনে নেন কর্তৃপক্ষ।’ ছাত্র সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এসএফআই। এই পদক্ষেপ সেই নির্বাচনের দিকেই একধাপ এগনো বলে মনে করছেন এসএফআই নেতৃত্ব। সংগঠনের কলকাতা জেলার সম্পাদক দিধীতি রায় বলেন, ‘এর মাধ্যমে তো বোঝা গেল, ইউনিয়নগুলো অবৈধ। এবার ইউনিয়ন রুম খুলতে গেলে নির্বাচন করতে হবে।’