Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিবাহবিচ্ছেদের পরেই ডেটের প্রস্তাব ট্রাম্পের, বিস্ফোরক ব্রিটিশ অভিনেত্রী

১৯৯৮ সাল। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হতেই একটি ফোন পেলেন অভিনেত্রী এমা থম্পসন। ফোনের উল্টোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কিছু ভাবার আগেই ব্রিটিশ অভিনেত্রীকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে বসেন তিনি।

বিবাহবিচ্ছেদের পরেই ডেটের প্রস্তাব ট্রাম্পের, বিস্ফোরক ব্রিটিশ অভিনেত্রী
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

লন্ডন: ১৯৯৮ সাল। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হতেই একটি ফোন পেলেন অভিনেত্রী এমা থম্পসন। ফোনের উল্টোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কিছু ভাবার আগেই ব্রিটিশ অভিনেত্রীকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে বসেন তিনি। তারপর কেটে গিয়েছে ২৭ বছর। সম্প্রতি সুইৎজারল্যান্ডে লোকার্নো ফিল্ম ফেস্টিভালের মঞ্চে এই অভিজ্ঞতার কথা শোনালেন অস্কারজয়ী অভিনেত্রী। এমার দাবি, প্রতি মুহূর্তে তাঁর উপর নজর রাখছিলেন ট্রাম্প। অর্থাৎ ‘স্টক’ করছিলেন।

Advertisement

ঠিক কী হয়েছিল সেদিন? সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, তখন ‘প্রাইমারি কার্লাস’এর শ্যুটিংয়ে ব্যস্ত এমা। বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপারে থাকা ব্যক্তি বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ নামটা শুনে রীতিমতো চমকে ওঠেন অভিনেত্রী। মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কেউ মজা করছে। নিজেকে একটু সামলে নিয়ে এমা বলেন, ‘আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?’ এরপরেই ট্রাম্পের উত্তর, ‘আমি আপনাকে আমার একটি বাড়িতে এসে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে নৈশভোজ করতে পারি।’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘খুবই উত্তম প্রস্তাব। অনেক ধন্যবাদ। আমি পরে ভেবে জানাব।’ সেদিনের কথা আজও ভোলেননি অভিনেত্রী। এমার কথায়, ‘সেদিনই আমার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। মনে হয়ে দীর্ঘদিন ধরেই একজন যোগ্য বিবাহবিচ্ছিন্ন মহিলার খোঁজ করছিলেন ট্রাম্প। আমার ফোন নম্বর পেয়েছিলেন তিনি। আমাকে রীতিমতো স্টক করছিলেন।’
ট্রাম্পের প্রস্তাবে অবশ্য রাজি হননি এমা। এখন কি সেই সিদ্ধান্তের জন্য আফশোষ হচ্ছে? হাসতে হাসতে অভিনেত্রীর জবাব, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেটে যেতে পারতাম। একটা ভালো গল্প বলার সুযোগ পেতাম। আমেরিকার ইতিহাস বদলাতে পারতাম।’ ১৯৯৮ সালে স্বামী কেনেথ ব্র্যানার সঙ্গে এমার বিবাহবিচ্ছেদ হয়। প্রায় একই সময় দ্বিতীয় স্ত্রী মারলা মেপলসের সঙ্গ ছাড়েন ট্রাম্প। তখনই সুযোগ বুঝে ব্রিটিশ অভিনেত্রীকে ডেটে যাওয়ার প্রস্তাব দেন তিনি। ট্রাম্পের এহেন কীর্তিতে তাজ্জব ওয়াকিবহাল মহল।

সম্পর্কিত সংবাদ