Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের

অবশেষে আশঙ্কাই সত্যি হল। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের
  • ৩০ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

ওয়াশিংটন, ৩০ জুলাই: অবশেষে আশঙ্কাই সত্যি হল। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেই দফায় দফায় বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু রফাসূত্র মেলেনি। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আগামী ২৫ আগস্ট এদেশে আসছেন মার্কিন মুলুকের প্রতিনিধিরাও। কিন্তু তার আগেই বড় ঘোষণা করে বসলেন ট্রাম্প। আজ, বুধবার বিকেলেই শুল্কহার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। জানান, ভারত আমাদের বন্ধু দেশ। কিন্তু দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তাছাড়া ভারতের শুল্কহারও বেশি। ভারতের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই রাশিয়া থেকে কেনা হয়। রাশিয়ার সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন। ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশই বলেছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা। কিন্তু তা হয়নি। কাজেই ভারতই এবার ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। পাশাপাশি দিতে হবে পেনাল্টিও। 

Advertisement

জানা গিয়েছে, এই শুল্কের পরিমাণ ২০-২৫ শতাংশ হতে পারে। যেটি মার্কিন মুলুকের বাজারে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে নেওয়া হবে। এটি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এছাড়া ওই শুল্কের পাশাপাশি ভারতের উপর চাপানো পেনাল্টির পরিমাণ কত এবং তা কী কারণের জন্য সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনওরকম ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞ মহলের ধারণা অনুযায়ী, রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন চোখ রাঙানি অগ্রাহ্য করেই বারবার পুতিনের দেশ থেকে জ্বালানি তেল কিনেছে ভারত। এছাড়া আমদানিকৃত সমরাস্ত্রের অধিকাংশই সেই দেশ থেকেই নেওয়া হয়েছে। রাশিয়া এবং ভারতের এই সুসম্পর্ককে মোটেই ভাল চোখে দেখেননি ট্রাম্প। সেই কারণেই এই শুল্ক বসানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ