Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে শুরু তৃণমূলের নতুন জন সংযোগ কর্মসূচি ‘বাংলার ভোট রক্ষা’

কালীগঞ্জে শুরু তৃণমূলের নতুন জন সংযোগ কর্মসূচি ‘বাংলার ভোট রক্ষা’
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তৃণমূল কংগ্রেসের জনসংযোগের নতুন মোড়ক ‘বাংলার ভোট রক্ষা’। এই কর্মসূচিতে বুথে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন তৃণমূল নেতাকর্মীরা। রবিবার রাতে এই কর্মসূচির সূচনা হল নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা থেকে। বুথ ধরে ধরে মানুষের সঙ্গে কথা বলেন কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন, তৃণমূলের ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, ব্লকের সহ সভাপতি জিয়াউর রহমান ও অন্যান্যরা। এই বিধানসভায় তিনশোর বেশি বুথ লেভেল এজেন্টের নামের তালিকা তৈরি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সেখানকার সম্ভাব্য উপনির্বাচনের কথা মাথায় রেখেই এই বিধানসভা থেকে কর্মসূচির সূচনা হল। বিধানসভা ভোটের আগে মাঠে নেমে সংগঠন ও এলাকার হাল হকিকত ঝালিয়ে নিতে এই কর্মসূচি আদর্শ বলেই মনে করছেন অনেকে।

Advertisement

প্রসঙ্গত, কালীগঞ্জের তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ মারা যাওয়ায় এই বিধানসভায় উপনির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাজেই রাজনৈতিক মহলের চোখ এখন এই বিধানসভার দিকে। উপনির্বাচনের প্রস্তুতিও প্রশাসনিক মহলে শুরু হয়ে গিয়েছে। সেইমতো নতুন বুথ তৈরি, ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন কাজ চলছে। যদিও উপনির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তৃণমূলের প্রার্থী হিসেবে একাধিক নাম হাওয়ায় ভাসছে। তবে স্থানীয়দেরই প্রাধান্য দিতে চাইছে তৃণমূলের ব্লক সংগঠন। তাঁদের দাবি, এমন কাউকে প্রার্থী করা হোক যাকে সর্বদা পাশে পাবেন কালীগঞ্জবাসী। যদিও প্রার্থী বাছাই করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগে ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষ ‘পালস’ বুঝে নিতে চাইছে তৃণমূল। যাতে উপনির্বাচন হোক বা আগামী বছরের বিধানসভা নির্বাচন, কালীগঞ্জে তৃণমূলের গড় অক্ষুণ্ণ থাকে। ব্লক সভাপতি বলেন, এই কর্মসূচি আমাদের বিধানসভা থেকেই শুরু হল। কোন বুথে কত ভোটার আছে, কোনও মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে কিনা এইসমস্ত খতিয়ে দেখা হবে। পাশাপাশি মানুষের কাছে গিয়ে জানা হবে যে, কারা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফল পেরেছেন। কেউ যদি কোনওভাবে বাদ পড়ে যান, সেটাও দেখা হবে।‌ যদিও জেলার বিধানসভাগুলির বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে। সেই সমস্ত বিধানসভাগুলোতেও আগামী কয়েকদিনের মধ্যে বিএলএ’রা বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাই করবেন। জানুয়ারি মাসের সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী প্রায় ৬২ হাজার নতুন ভোটার রয়েছে। বাদ পড়েছে প্রায় ৪৩ হাজার ভোটার। অর্থাৎ নদীয়া জেলায় ১৯ হাজার ভোটার বেড়েছে। সেই নতুন তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন তৃণমূলের বুথস্তরের নেতারা। রাজনৈতিক মহলের দাবি, বুথস্তর পর্যন্ত সমান্তরাল আরও একটি সংগঠন তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। যা বিধানসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলএ’দের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে। বাংলার ভোট রক্ষার জন্য বিভিন্ন বুথে গিয়ে আমরা কাজ করব।‌

Advertisement
সম্পর্কিত সংবাদ