নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যব্যাপী প্রচারে নেমেছে তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যে নারী উন্নয়নের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্যসংবলিত প্রচারপত্র সমস্ত বুথে বিলি করা হচ্ছে। এই কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত। তৃণমূল মহিলা কংগ্রেসের ওই প্রচারপত্রের শিরোনাম—‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে। তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’।
তৃণমূল মহিলা শাখার দাবি, বাম সরকারের আমলে ৫৭.৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে ছিল। সংখ্যাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মাত্র ৮.৬০ শতাংশে নেমে এসেছে।
ওই প্রচারপত্রে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য মমতার সরকারের একগুচ্ছ প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য—লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, স্বয়ংসিদ্ধা, স্বাস্থ্যসাথী, শিশুসাথী প্রভৃতি। এসব প্রকল্পের বাস্তব রূপায়ণের একটি চিত্র তুলে ধরেছে তৃণমূল মহিলা কংগ্রেস। তারা দেখাতে চেয়েছে, মমতার সরকার মহিলাদের প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটেই তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আমাদের দলের কর্মীরা বাড়ি বাড়ি ওই প্রচারপত্র পৌঁছে দিচ্ছেন। সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য, সরকার সর্বতোভাবে মানুষের পাশে আছে।’