সংবাদদাতা, কাটোয়া: নিজের জমিতে সীমানা পাঁচিল দিতে গেলেও দিতে হবে দু’ লক্ষ টাকা! এই অভিযোগ ঘিরে তোলপাড় আউশগ্রাম। পঞ্চায়েত থেকে সামান্য পাঁচিল দেওয়ার অনুমতির জন্য কেন টাকা চাইবে তৃণমূল নেতা? এই প্রশ্ন তুলছেন আউশগ্রামের মানুষ। প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী যুবক। আউশগ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিবা শেখ বলেন, আমি বিষয়টি দেখছি। বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি। ঘটনাস্থল আউশগ্রামের বননবগ্রাম। ওই গ্রামে সোহম চট্টোপাধ্যায় নামে এক যুবকের পৈতৃক সম্পত্তি রয়েছে। তার চারপাশে সোহম সীমান পাঁচিল দিতে চাইছেন। পঞ্চায়েতের অনুমতির জন্য ওই অঞ্চলের এক প্রভাবশালী তৃণমূল নেতা নাকি সোহমবাবুর কাছে দু’ লক্ষ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত এক লক্ষ ৯৫ হাজার টাকা দিতে রাজিও হন কলকাতায় বেসরকারি সংস্থার কর্মী সোহম। ওই প্রভাবশালী তৃণমূল নেতার এক সঙ্গীকে দু’টি ইউপিআইয়ে ৯৫ হাজার টাকা দিয়েছেন আর ১ লক্ষ টাকা নগদে দিয়েছেন। এরপর নাকি ওই নেতা পঞ্চায়েতের অনুমতি ছাড়াই পাঁচিল তুলতে বলেন। সোহম নেতার কথা শুনে পাঁচিল তুলতে যান। অভিযোগ, এরপরেই ওই নেতা তাঁর শাগরেদদের দিয়ে সোহমকে গাড়িতে তুলে নিয়ে যান পার্টি অফিসে। তারপর আরও টাকা চাওয়া হয়। সে টাকা না দিতে পারায় পাঁচিল ভেঙে দেওয়া হয়।



