রাহুল চক্রবর্তী, কলকাতা: নিজের ইচ্ছামতো পুরসভার চেয়ারম্যানকে সরানোর জন্য অনাস্থা আনতে পারবেন না কাউন্সিলাররা। কাউকে সরানোর প্রয়োজন হলে দল থেকে বার্তা যাবে। কিন্তু কাউন্সিলাররা গোষ্ঠী গড়ে তুলবেন, তা হবে না। এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত কয়েকদিনে রাজ্যের কয়েকটি জেলা থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে পুরসভা কেন্দ্রিক খবর পৌঁছেছে। সেই প্রেক্ষাপটেই অনাস্থা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূলের অন্দরের খবর, রাজ্যের বেশ কয়েকটি পুরসভাকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে পুরবোর্ড নিয়েই এমন সমস্যা কেন্দ্রীভূত হচ্ছে। কোথাও তৃণমূল কাউন্সিলারদের মধ্যে থেকে পুর প্রধানকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। আবার কোথাও পুর পারিষদ অদল-বদল করার কথাও উঠে এসেছে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থাপ্রকাশ। বেশ কয়েকজন কাউন্সিলার নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নিয়ে পুর প্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন এবং সে সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদনও করা হয়েছে। কিন্তু কাউন্সিলাররা এভাবে নিজেদের মধ্যে গোষ্ঠী বা গ্রুপ গড়ে কোনও পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার ইচ্ছা প্রকাশ করবেন, এটাকে মোটেই ভালো চোখে দেখছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
পুরুলিয়া, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার একাধিক পুরসভা কেন্দ্রিক খবর এসেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে। সেখানে দলের তরফে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এই মুহূর্তে কোনও পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। কোনও অভাব-অভিযোগ থাকলে তা লিখিত আকারে দলকে জানাতে হবে। কিন্তু একতরফাভাবে কাউন্সিলাররা যেন অনাস্থা সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ না করেন। যদি কাউন্সিলাররা সেই পদক্ষেপ করেন, তাহলে সংশ্লিষ্ট পুরসভার গ্রুপবাজ কাউন্সিলারদের বিরুদ্ধে দলগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, এমন বার্তাও দেওয়া হয়েছে। এও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, পুর প্রধান, পারিষদ, কাউন্সিলার—প্রত্যেকের উপরেই নজর রয়েছে দলের। কাউকে পদ থেকে সরানো জরুরি হলে সেই সিদ্ধান্ত সর্বোচ্চ নেতৃত্বই নেবেন। সেইমতো শীর্ষস্তর থেকেই পদক্ষেপ করা হবে। কিন্তু কাউন্সিলররা আগ বাড়িয়ে কিছু করবেন, এটা চলবে না। ঘটনাচক্রে বুধবার কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদ জেলার এক নেতাকে। দলের নির্দেশের কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে।
বছরখানেকের মধ্যেই বিধানসভা নির্বাচন। তাই তৃণমূল সবদিক দেখে নিয়েই পা ফেলতে চাইছে। তবে লোকসভা ভোটের ফলের নিরিখে শহরাঞ্চলের যেসব জায়গায় তৃণমূলের ফল খারাপ হয়েছিল, সেদিকেও শীর্ষ নেতৃত্বের কড়া নজর রয়েছে।