Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখাতে জেলাজুড়ে জায়ান্ট স্ক্রিন বসাচ্ছে তৃণমূল

অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দির

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখাতে জেলাজুড়ে জায়ান্ট স্ক্রিন বসাচ্ছে তৃণমূল
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দির। সেই দৃশ্য চাক্ষুষ করাতে জেলাজুড়ে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। উদ্বোধনের দিন সকাল থেকেই স্ক্রিনে মন্দির উদ্বোধনের প্রতিটি দৃশ্য ফুটে উঠবে। পূর্ব বর্ধমানের প্রতিটি বাজার সহ জনবহুল এলাকা থেকে বাসিন্দারা জগন্নাথ মন্দির দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বহু সাধারণ মানুষ, শাসক দলের নেতা ও কর্মী ২৯ এপ্রিল দীঘার উদ্দেশে রওনা দেবেন। যাঁরা যেতে পারবেন না তাঁদের জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। শাসক দলের দাবি, ২৪ একর জমির উপর ৪৫ ফুট উঁচু মন্দির তৈরি করা হয়েছে। গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির ও ভোগমণ্ডপ দর্শনার্থীরা দেখতে পাবেন। মন্দিরে চারটি প্রধান প্রবেশদ্বার থাকছে। পৌরণিক নানা কাহিনী মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। ৩৬ মাস ধরে মন্দির তৈরির কাজ চলেছে। এই মন্দির বাংলার সংস্কৃতিতে নতুন পালক যোগ করবে। প্রতিটি মানুষই যাতে উদ্বোধনের দিন মন্দিরটি দেখতে পান তার ব্যবস্থা শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে। 

Advertisement

তৃণমূলের প্রবীণ নেতা তথা মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বাংলা সব ধর্মের মিলনস্থল। এখানে মানুষে মানুষে ভেদাভেদ নেই। জগন্নাথদেবের মন্দির বাংলার গর্ব। জেলার প্রতিটি মানুষ মন্দির উদ্বোধনের শুভক্ষণের সাক্ষী থাকতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের আর এক নেতা দেবু টুডু বলেন, অনেকেই মন্দির উদ্বোধনের দিন দীঘায় যাবেন। তবে যাঁরা যেতে পারবেন না তাঁরাও বঞ্চিত হবেন না। তাঁরা জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠানের খুঁটিনাটি দেখতে পাবেন। জেলার প্রতিটি প্রান্তেই এই ব্যবস্থা থাকবে।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি হিন্দুত্ব আবেগ কাজে লাগিয়ে ফায়দা তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে। রাজ্য সরকার জগন্নাথদেবের মন্দির উদ্বোধন করে তাদের কুৎসার জবাব দিতে সক্ষম হয়েছে। ওই দিন দীঘায় রাজ্যের সমস্ত প্রান্তের বাসিন্দারা হাজির থাকবেন। ভিড় সামাল দিতে প্রশাসন আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে। এই মন্দির উদ্বোধনের মাধ্যমে শাসক দল রাজনৈতিক ফায়দা পাবে বলেই অনেকেই মনে করছেন। 
দীঘা বাঙালির অন্যতম পছন্দের জায়গা। শুধু বাংলার নয়, ভিন রাজ্যের মানুষও  সেখানে যায়। এই পর্যটন কেন্দ্রে সুউচ্চ মন্দির তৈরি করে সরকার আমজনতারও নজর কেড়েছে। জগন্নাথদেবকে বাঙালির অন্য রকম আবেগ রয়েছে। তৃণমূলের জেলা নেতারা বলছেন, এই মন্দির বাংলার গর্ব হয়ে উঠবে। জগন্নাথদেবের দর্শন পেতে আর পুরী যাওয়ার দরকার হবে না। মন্দির উদ্বোধনের সাক্ষী অনেকেই হতে চান। সেই কারণেই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ওই দিন দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এছাড়া রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তা ও মন্ত্রীরাও দীঘায় থেকে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ