নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য ৫০ জনের বিশেষ কমিটি গঠন করল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার বেলা ১১টা নাগাদ বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে বৈঠক হয়। সেখানেই ওই কমিটি গঠন করা হয়। জেলাস্তরে গঠিত ওই কমিটি সামগ্রিকভাবে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ খতিয়ে দেখবে। একই রকমভাবে আগামী ১৫ দিনের মধ্যে বিধানসভা, ব্লক ও অঞ্চলস্তরেও কমিটি গঠন করা হবে বলে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী জানিয়েছেন।
অরূপবাবু বলেন, ভোটার তালিকায় অনেক ভূতুড়ে নাম ঢুকে রয়েছে। আবার কোথাও কোথাও যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করছি। ফলে জেলাজুড়ে ভোটার তালিকা পরীক্ষা করা প্রয়োজন। এদিন আমরা জেলাস্তরের কমিটি গঠন করেছি। জেলা কমিটিতে সভাধিপতি, সহ সভাধিপতি, জেলা কোর কমিটির সদস্য, ব্লক সভাপতি সহ অন্যান্যরা রয়েছেন। দু’সপ্তাহের মধ্যে বিধানসভা, ব্লক ও অঞ্চল ভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ, রবিবার শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে কমিটি গঠনের জন্য বৈঠক ডাকা হয়েছে। বাকি ব্লকগুলিতেও আগামী কয়েকদিন ধরে ওই প্রক্রিয়া চলবে। তারপর সকলে মিলে ভোটার তালিকা পরীক্ষার কাজ নিবিড়ভাবে শুরু করবেন।
উল্লেখ্য, বাঁকুড়াতেও বহু ভূতুড়ে ভোটার রয়েছে। বাঁকুড়া-২ ব্লকের দু’টি গ্রামেই ৪০ জন মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। ওই ব্লকেই আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ভোটার তালিকা থেকে কোনওরকম কারণ ছাড়াই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভোটার তালিকাকে কেন্দ্র করে জেলার অন্যান্য ব্লকেও ওই ধরনের ‘অদ্ভুত’ কাণ্ড ঘটেছে বলে শাসক দলের তরফে দাবি করা হচ্ছে। বিধানসভা ভোটে ফায়দা তুলতে নির্বাচন কমিশন নিযুক্ত কর্মীদের একাংশকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে তৃণমূল নেতারা অভিযোগ তুলেছেন। বাঁকুড়া জেলা প্রশাসন তথা নির্বাচন দপ্তরের তরফে সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
বাঁকুড়া-২ ব্লকে তৃণমূল নেতার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার বিষয়টি নিয়ে খোদ জেলাশাসক সিয়াদ এন সদর মহকুমা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকার উপর জোর দেওয়া হচ্ছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।