নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ১৫২ কোটি টাকায় অম্রুত জল প্রকল্পের ট্রায়াল শুরু জলপাইগুড়িতে। দুর্গাপুজোর আগেই বাড়ি বাড়ি পৌঁছবে পরিস্রুত পানীয় জল। শনিবার প্রকল্পের ট্রায়াল শুরুর পর এমনটাই দাবি করেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিস্তা থেকে জল তুলে তা পরিশোধনের পর পাইপের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি।
ভাইস চেয়ারম্যান বলেন, অম্রুত প্রকল্পে জলপাইগুড়ি পুর এলাকায় ২১৫ কিমি পাইপ বসানো হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বাসিন্দাদের জল দেওয়া হবে। সেজন্য আরও প্রায় দশ কিমি পাইপ বসানো হচ্ছে। ইতিমধ্যেই ২২০ কিমি পাইপ বসানোর কাজ শেষ। বাকিটা শীঘ্রই শেষ করা হবে। এদিন ট্রায়াল রান শুরু হল।
জলপাইগুড়ি পুরসভা সূত্রে খবর, আগামী ৪ জুন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আধিকারিকরা আসবেন। তাঁরা এই জল প্রকল্পের সবটা পরিদর্শন করবেন। আগামী ১৫ দিন তিস্তা থেকে জল তুলে তা জলাধারে রাখা হবে। তারপর ওই জল পৌঁছবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। সেখানে পরিশোধনের পর পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে রিজার্ভারে। পরবর্তী পর্যায়ে বাড়ি বাড়ি যে সংযোগ দেওয়া হয়েছে, সেখানে ঠিকমতো জল পৌঁছচ্ছে কি না, তা দেখার জন্য বেশ কিছুদিন ট্রায়াল চলবে।
ভাইস চেয়ারম্যান বলেন, আমরা আশা করছি, দুর্গাপুজোর আগেই বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে পারব। ট্রায়াল পর্ব শেষ করে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা চলতি বছরের মধ্যেই বাড়িতে তিস্তার পরিস্রুত জল পেয়ে যাবেন। নিজস্ব চিত্র।