সংবাদদাতা, দিনহাটা: পঞ্চমী থেকেই দিনহাটাতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। সোমবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে পুজো কমিটিদের নিয়ে বৈঠকে এই বার্তাই দিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। শহরের পাশাপাশি গ্রামীণ পুজোগুলিতেও নিরাপত্তা জোরদার করার বার্তা দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র, দমকল, ভূমিদপ্তর ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
বাংলা ছাড়া অসম থেকেও প্রচুর দর্শনার্থী আসেন দিনহাটা শহরে। পুজোর কয়েকটা দিন ভিড় সামলানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের কাছে। সেই কারণে এবছর পঞ্চমী থেকেই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতবারের মতই শহরে ঢোকার মুখে নো এন্ট্রি পয়েন্ট থাকবে। বাইক, টোটো সহ অন্যান্য চার চাকার যানও নিয়ন্ত্রণ করা হবে। সাধারণ মানুষ পায়ে হেঁটেই মণ্ডপ পরিদর্শন করবেন। মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার গেট বড় রাখতে বলা হয়েছে পুজো উদ্যোক্তাদের। মণ্ডপ চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসনের কর্তারা। এদিকে, বিদ্যুৎ বিভাগও বাড়তি সতর্কতা অবলম্বন করছে। বিদ্যুৎকর্মীরা জানিয়েছেন, পুজো মণ্ডপ তৈরি করার সময় ঝুলে রাখা বিদ্যুতের তার সম্পর্কে যেন সতর্ক থাকেন ডেকরেটার্স কর্মীরা। প্যান্ডেল খোলার সময়ও একই রকম সতর্কতা গ্রহণ করতে হবে।
দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন, এবছর পঞ্চমী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুজো কমিটি সহ সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হবে এবারের দুর্গোৎসব। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, পুজো কমিটিদের সঙ্গে এটি দ্বিতীয় প্রস্তুতি বৈঠক। তাদের কোনও সমস্যা রয়েছে কি না, তা আলোচনা করে এদিন জানা হল। নিজস্ব চিত্র।